আয়ুষ্মান ভারত পাননি? মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, জানুন কীভাবে পাবেন

Published:

Mukhyamantri Sasthya Bima

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার গঠন করেই অন্নপূর্ণা ভাণ্ডারের পর প্রতিশ্রুতি হিসেবে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনকি খুব তাড়াতাড়ি কার্ড বিতরণ শুরু হবে। কিন্তু রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় সুবিধা সবাই পাবে না। কিন্তু সেক্ষেত্রে নিরাশ করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের জন্য চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (Mukhyamantri Sasthya Bima)। কীভাবে পাবেন এই কার্ড? জানাবো এই প্রতিবেদনে।

চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যেমন ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ পাওয়া যাবে, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায়ও মিলবে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা। এমনকি রাজ্যের সরকারি এবং বেসরকারি প্রত্যেক হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, শুধুমাত্র তারাই পাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড।

কিন্তু এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা কিংবা তার বেশি, তারা এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য বীমার সুবিধা পাবে না। তাছাড়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম ২০১৮-র আওতায় যারা চাকরি করেন বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিম ১৯৫৪ এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে না এই সুবিধা। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা প্রত্যেকেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ২ লক্ষ টাকা দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলে শুরু করুন ব্যবসা

কোন কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে?

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, একেবারে সেরকমই সুবিধা মিলবে। সেক্ষেত্রে রাজ্যের সমস্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে, এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই কার্ড চালু হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর আওতায় সুবিধা মিলবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি প্রত্যেক ব্যক্তিকে একটি করে আলাদা কার্ড দেওয়া হবে। আর সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দফতর এবং স্টেট হেলথ এজেন্সি এই কার্ড প্রদান করবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।