‘অযোগ্য থাকলে…’ অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর! বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Yojana

সহেলি মিত্র, কলকাতাঃ ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে বাংলায়। যে সকল মহিলা ৩০০০ টাকা পেয়েছেন তাঁরা তো খুশি, কিন্তু যারা আবেদন করেও পাননি তাঁদের রীতিমতো পাগল পাগল অবস্থা। সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে অনেক আগে থেকে আবেদন করেও সাধের ৩০০০ টাকা আর পেলেন না। এদিকে ওয়েবসাইটে অনেকে নামের পাশে ‘Payment Failure’, ‘Under Enquiry,’ ‘Under Process’, ‘Rejected’ এসকল স্ট্যাটাস দেখাচ্ছে। আদৌ কি তাঁরা টাকা পাবেন আর? এই নিয়ে অবশেষে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

যারা যোগ্য তাঁরা অবশ্যই টাকা পাবেন বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘তিনি বলেছেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। গেল গেল রব তোলার দরকার নেই। সবাই পাবেন। কাউকেই চিন্তা করার কোনও কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড়মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা পাবেন। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন ৩০ অগাস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও ২ হাজার, ৫ হাজার, ৭ হাজার প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন।”

শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের সভায় তিনি বলেন, “আমাদের বাজেটে দেখবেন, আমাদের দিদি-মা-বোনদের, অন্নপূর্ণা যোজনা…আমরা ইতিমধ্যে ১ কোটি ২০ লক্ষ মা-বোন-দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০ অগাস্ট অবধি চলবে। ভেরিফিকেশন হবে। প্রত্যেক যোগ্য প্রাপক পাবেন। অযোগ্যরা বাতিল হবেন। একজনও প্রকৃত দিদি-বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলায় ১৫ লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিলেন। আমরা বর্ণ-ধর্ম-দলমত নির্বিশেষে ১২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা পয়লা জুলাই দিয়েছি।”

 

চলছে ভেরিফিকেশন

আসলে প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে, বিশেষ করে যারা যোগ্য তাঁরাই যেন টাকা পান, সেটা সুনিশ্চিত করতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় জোর দিয়েছে সরকার। আবেদনকারীদের নথি, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে, তাঁরাই প্রকল্পের সুবিধা পাবেন। দেরি হলেও টাকা পাবেন যোগ্যরা। মহিলাদের জন্য সরাসরি নগদ অর্থ হস্তান্তর প্রকল্প অন্নপূর্ণা যোজনার অধীনে তহবিলের প্রথম কিস্তির টাকা জুলাই শুরুতে প্রায় ১.১ কোটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতে ৫ লক্ষের বদলে মিলবে ১০ লাখের বীমা? প্রকাশ্যে বড় তথ্য

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মৃত্যু, নাগরিকত্ব ও বাসস্থানের অবস্থা নিয়ে সন্দেহ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের মতো বিভিন্ন কারণে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কেন টাকা পাচ্ছেন না ভাবছেন? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা নাও থাকতে পারে, অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) সক্রিয় নাও হতে পারে। এই বিবরণগুলি যাচাই করুন এবং প্রয়োজনে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে ও ডিবিটি সক্রিয় করতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাঙ্কে যান।