সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়ে এক আলাদাই উত্তেজনা করে বাঙালিদের মধ্যে। এই সময়ে কেউ কেউ আছেন নিরিবিলিতে কয়েকদিনের ছুটি কাটাতে বাইরে ঘুরতে চলে যান তো আবার কেউ কেউ আছেন যারা কিনা নিজের শহর, গ্রামেই থাকতে পছন্দ করেন। তবে এই পুজোয় কি আপনি দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ টয় ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল একদম মন ভালো করা খবর। জানিয়ে রাখি, এবারে পুজোয় দার্জিলিং টয় ট্রেনের (Darjeeling Toy Train) রাইড বেশ অনেকটাই বাড়বে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
দুর্গাপুজোয় এবারে দার্জিলিং-এ চলবে অতিরিক্ত টয় ট্রেন
জানা গিয়েছে, দুর্গাপুজো ও উৎসবের মরসুমে অতিরিক্ত পর্যটকদের ভিড় সামলাতে ১ অক্টোবর থেকে বিশেষ জয় রাইড ও অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। এমনিতে বছর যে কোনও সময়ে পাহাড়ে ভিড় থাকে। তবে পুজোর সময়ে পর্যটকদের ভিড় সেখানে থিকথিক করে। ফুলে ফেঁপে ওঠে পর্যটন ব্যবসা। এদিকে লক্ষ্মীলাভ হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের-ও। এবারেও সেই আশাতেই সর্বোপরি পর্যটকদের আনন্দকে দ্বিগুণ করতে আরও অতিরিক্ত জয় রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ডিএইচআর কর্মকর্তা প্রতীক্ষা ছেত্রী। তিনি বলেছেন, ‘আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে, পর্যটক ও দর্শনার্থীদের ঐতিহ্যবাহী রেলওয়ে এবং দার্জিলিং পাহাড়ের সৌন্দর্য উপভোগের আরও বেশি সুযোগ করে দিতে ডিএইচআর বিশেষ অতিরিক্ত জয়রাইড পরিষেবা চালু করবে।’ তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে ডিএইচআর বিশেষ জয়রাইড পরিষেবা চালু করবে, যার মধ্যে দার্জিলিং ও ঘুম-এর মধ্যে চারটি একমুখী এবং কার্শিয়াং ও মহানদীর মধ্যে দুটি দ্বিমুখী জয়রাইড অন্তর্ভুক্ত থাকবে। দার্জিলিং ও ঘুম-এর মধ্যে এই যাত্রা ডিজেল চালিত ট্রেন দ্বারা পরিচালিত হবে এবং একমুখী যাত্রার জন্য প্রস্তাবিত ভাড়া হবে ৮০০ টাকা । প্রায় ৮ কিলোমিটার এই পথে দার্জিলিং থেকে ঘুমগামী ট্রেন ছাড়বে সকাল ৯টা ২০ মিনিট ও ১১টা ২৫ মিনিটে। অন্যদিকে ঘুম থেকে দার্জিলিং ফেরার ট্রেন ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে।
আরও পড়ুনঃ রাখিতে মহিলাদের বড় উপহার রেলের
ভাড়া কত?
এক রিপোর্ট অনুযায়ী, কার্শিয়াং ও মহানদীর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ নাটকের নামানুসারে ডিজেল চালিত বিশেষ জয়রাইড ‘মুক্তধারা’ এবং বাষ্পীয় ইঞ্জিন চালিত ‘রেড পাণ্ডা’ চালু হচ্ছে। মুক্তধারা ট্রেনের ভাড়া হবে ১০৩০ টাকা এবং বাষ্পীয় ইঞ্জিন চালিত ‘রেড পাণ্ডা’ জয় রাইডের ভাড়া ১৫৩০ টাকা হবে। অর্থাৎ আপনার সাধ্যের মধ্যেই হবে ভাড়া। ‘রেড পান্ডা’ স্টিমচালিত ট্রেনটি সকাল ৯টায় কার্শিয়াং থেকে ছেড়ে সকাল ১০টায় মহানদী পৌঁছবে। আর ডিজেলচালিত ‘মুক্তধারা’ বিকেল ৩টা ১৫ মিনিটে কার্শিয়াং থেকে ছেড়ে বিকেল ৪টেয় মহানদী পৌঁছবে।










