রোজভ্যালির টাকা এইদিন ফেরত পাবেন আমানতকারীরা, ডেডলাইন দিল হাইকোর্ট

Published:

Rose Valley

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকার রোজভ্যালি (Rose Valley) চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরতের আশ্বাস দিয়েছে আগেই। তবে এই প্রক্রিয়ায় ঢিলেমি এবং ব্যর্থতা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। তৃণমূল আমলে ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত এডিসি কমিটির কাজের দীর্ঘ পর্যালোচনা করে আদালত জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ বণ্টনের মূল দায়িত্ব যে কমিটির উপর ছিল, তা পালন করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই কারণে এবার আমানতকারীদের টাকা ফেরতের ডেডলাইন বেঁধে দিল উচ্চ আদালত।

টাকা ফেরতের ডেডলাইন আদালতের

এদিন এই মামলার রায়ে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা ছিল ওই কমিটির একমাত্র কাজ। তবে সেই নির্দেশ অমান্য করেই তারা চকলেট হোটেল প্রাইভেট লিমিটেড নামে এক তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি করে এবং সময় মতো আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এই ধরনের চুক্তি করার কোনও রকম অধিকার সংস্থার ছিল না।

আদালত জানিয়েছে, গত ১১ বছরে আনুমানিক ৬০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে ওই কমিটির তত্ত্বাবধানে। যার মধ্যে মাত্র ৫৫.৪৫ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এমনকি গোটা প্রক্রিয়াটি নিয়ে কমিটির পক্ষ থেকে মাত্র দু’বার প্রচার চালানো হয়েছে। এই কারণেই এবার আমানতকারীদের টাকা ফেরতের জন্য কড়া নির্দেশ দিল আদালত। এডিসি কমিটিকে কাজের গতি বাড়াতে শেষ বারের মতো সময়সীমা দেওয়া হয়েছে আজ উচ্চ আদালতের তরফ থেকে।

আরও পড়ুন: রেকর্ড পতন, আজও ডলারের বিপরীতে শক্তি হারাল ভারতীয় রুপি, দেখুন রেট

তবে ডেডলাইন হিসেবে আজ বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বরের মধ্যেই অ্যাকাউন্টে থাকা বাকি ৫৫০ কোটি টাকা ৩২ লক্ষ ৪৩ হাজার ২২০ জন আমানতকারীদের মধ্যে বণ্টন করতে হবে। এর পাশাপাশি আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যেই বাকি সমস্ত সম্পত্তি বিক্রি করে অর্থ বণ্টনের কাজ সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।

google button