রেকর্ড পতন, আজও ডলারের বিপরীতে শক্তি হারাল ভারতীয় রুপি, দেখুন রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: ৯৬-র গণ্ডি পার। অপরিশোধিত তেলের উচ্চমূল্য আর ক্রমাগত বিদেশি তহবিলের চাপে মঙ্গলবার দিনের শুরুতেই ফের ১৬ পয়সা দাম কমেছে ভারতীয় রুপির (Indian Rupee)। এমনকি এখন তা ৯৬ টাকার নিচে নেমে গিয়েছে। গত কয়েকদিন টানা পতনের ধারা বজায় রেখে আজও মুখ থুবড়ে পড়েছে টাকা। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্কের প্রভাবে রুপি তলানিতে ঠেকছে।

ডলারের বিপরীতে ফের মূল্য পতন ভারতীয় রুপির

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন রুপি প্রতি ডলারে ৯৬.০৩ টাকায় লেনদেন শুরু হয়েছিল। কিন্তু তার পরপরই মার্কিন ডলারের বিপরীতে তা ৯৬.১৩-তে নেমে আসে, যা আগের দিনের বন্ধ হওয়া দরের তুলনায় ১৬ পয়সা কম। সোমবার ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছিল ৯৫.৯৭-তে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলিতে রুপির মান ৯৬.৫০ বা তার উপরে ব্রেক আউট করে ৯৮-র দরজাও খুলতে পারে। তবে এখন সাপোর্ট জোন ৯৫.৫০।

আরও একজন জানিয়েছেন, আগস্ট মাসে শিল্প উৎপাদন ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মাসে শক্তিশালী চাহিদার মধ্যে বন্ড বিক্রি করেছে, যা পরিস্থিতিকে সামাল দিতে পারে। অন্যদিকে ডলার সূচক যা ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপ করে, তা আজ ০.০৪ শতাংশ বেড়ে ১০১.২৩-এ লেনদেন হয়েছে বলেই রিপোর্ট।

আরও পড়ুন: অরুণাচলে জঙ্গি হামলায় শহিদ অসম রাইফেলসের জওয়ান, আহত ৪

আসলে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগের মধ্যেই ফিউচার ট্রেডে বৈশ্বিক তেলের মানদণ্ড ১.১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ১০৬.৮৭ মার্কিন ডলারে। পাশাপাশি দেশীয় শেয়ার বাজারেও আজ দিনের শুরুতে সেনসেক্স ৫০৩ পয়েন্ট কমে ৭২,২৬৮.০৯-তে নেমে আসে, অন্যদিকে নিফটি ১৫১ পয়েন্ট কমে ২২,৬২৬.৫০-তে গিয়ে দাঁড়ায়। তবে আগামী দিনে ডলারের বিপরীতে আরও মূল্য পতন হতে পারে ভারতীয় রুপির, এমনটাই মত ফরেক্স বিশেষজ্ঞদের।

google button