অনন্যা সরকার, হাওড়া: গত সপ্তাহ থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা একাউন্টে ঢুকতে শুরু করেছে বহু আবেদনকারীর। বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা ছাড়াই-বাছাই পর্বের পর থেকেই ৩,০০০ টাকা করে পেতে শুরু করেছেন বাংলার মা-বোনেরা। প্রথম পর্যায়ে ৫০ লক্ষ মহিলা এই যোজনার অধীনে টাকা পেয়েছেন। এমতাবস্থায় বিজেপি সরকারের পক্ষ থেকে বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে বিবৃতি সামনে এল। খড়গপুর সদরের বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বিধবা ও বার্ধক্য ভাতা খুব শীঘ্রই দেওয়া শুরু হবে। এছাড়া যুবকদের যে ভাতা দেওয়ার কথা রয়েছে, তার জন্যও সমীক্ষা শুরু হয়েছে।
বিধবা ও বার্ধক্য ভাতা চালু কবে?
গত মাসে নতুন মন্ত্রীসভা গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান গত সরকারের আমলে যে সমস্ত সমাজ কল্যাণকারী প্রকল্প গুলি চালু করা হয়েছিল, তার কোনটিই বন্ধ করা হবে না। সেই সাথে অন্নপূর্ণা যোজনা কাজ শুরুর কথাও বলা হয়। তবে বিধবা ও বার্ধক্য ভাতা সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি এতদিন। এবিষয়ে মন্ত্রী দিলীপ ঘোষই প্রথম মুখ খুললেন।
আজ (৯ জুন) উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের উদ্বোধন করতে যান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগের সরকার নিজের লোকেদের সুবিধা পাইয়ে দিত। অবৈধভাবে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে সাড়ে তিন লাখ পুরুষের অ্যাকাউন্টে। পুরুষরা মহিলাদের থেকে অধিকার ছিনিয়ে নিচ্ছিলেন, যা নতুন সরকার হতে দেবে না। যারা যোগ্য তারাই সুবিধা পাবেন বলে জানান মন্ত্রী।
এছাড়াও তিনি বলেন, কোন বিদেশি ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে না। আগামী তিন মাসের মধ্যেই ঝাড়াই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগামী দিনে চোখের সামনে উন্নয়ন দেখতে পাবেন রাজ্যবাসী বলে আশ্বাস দেন মন্ত্রী। নাগরিকদের সমস্ত নিয়ম মেনে চলারও নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ।
যদিও মন্ত্রী আশ্বাস দিয়েছেন, তবে বিধবা ও বার্ধক্য ভাতা সম্পর্কে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, তা এখনও বিশদে জানা যায়নি। আগের সরকার দুক্ষেত্রেই ১,০০০ টাকা করে ভাতা দিত। নতুন সরকার সেটাই বহাল রাখবে, নাকি বাড়ানো হবে, সে বিষয়ে দিলীপ ঘোষ কোনও বক্তব্য রাখেননি।










