সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার রেকর্ড গড়ল পূর্ব রেল (Eastern Railway zone)। টিকিট কাটার ব্যাপারে যাত্রীদের মধ্যে সচেতনতার প্রচার করা হলেও এখনো অবধি অনেকে ট্রেনে ওঠার জন্য টিকিট কাটেন না। ভাগ্য খুব ভালো থাকলে তাঁরা টিকিট পরীক্ষকদের নজরে আসেন না। কিন্তু একবার যদি টিটিই-র নজরে পড়েন এবং টিকিট না দেখাতে পারেন তাহলে সেই যাত্রীর কপালে দুঃখ থাকে। সেভাবেই বিনা টিকিটে ভ্রমণকারীদের থেকে জরিমানা হিসেবে এবার পূর্ব রেল আয় করল ১০০ কোটি টাকারও বেশি। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
জরিমানা হিসেবে ১০০ কোটি টাকা আয় করল পূর্ব রেল
জানা গিয়েছে, ২০২৫–২৬ অর্থবর্ষে পূর্ব রেল টিকিট পরীক্ষার মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডঃ উদয় শঙ্কর ঝা-এর নেতৃত্বে টিকিটবিহীন যাত্রার বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে ১০০.৬৭ কোটি টাকা আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪.৭৪% বেশি।
আরও পড়ুনঃ সহজে মিলবে টিকিট! কলকাতা থেকে বৈষ্ণোদেবী যাওয়া ভক্তদের জন্য বড় ঘোষণা রেলের
এই সময়ে ২৪.৩৯ লক্ষ অনিয়মিত যাত্রার ঘটনা ধরা পড়ে, যা ১০.৩৭% বৃদ্ধি নির্দেশ করে। নিয়মিত তল্লাশি, তথ্যভিত্তিক কর্মী মোতায়েন এবং আরপিএফ ও জিআরপি-র সমন্বয়ের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য শুধু রাজস্ব বৃদ্ধি নয়, সৎ যাত্রীদের জন্য নিরাপদ ও সম্মানজনক ভ্রমণ নিশ্চিত করা।
কী বলছে রেল?
পিসিসিএম ডঃ উদয় শঙ্কর ঝা জানান, প্রধান স্টেশন, ব্যস্ত রুট ও ট্রেনগুলিতে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ভ্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সংবেদনশীল ট্রেন ও ব্যস্ত সময় চিহ্নিত করে কর্মী মোতায়েন এবং স্টেশনের প্রবেশ–প্রস্থান পথে কড়া তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি, সচেতনতা বৃদ্ধির জন্য ‘সঠিক টিকিট নিয়ে ভ্রমণ করুন’ প্রচার চালানো হয়। তিনি আরও বলেন, টিকিট চেকিং থেকে প্রাপ্ত অর্থ যাত্রী পরিষেবা উন্নয়নেই ব্যয় করা হবে।










