ভোটের আগে মিটছে না বাইক বিতর্ক, পুনরায় ডিভিশন বেঞ্চে মামলা দায়ের কমিশনের

Published:

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্য জুড়ে শেষ এবং দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই এখন হাওয়া গরম রাজনৈতিক মহলে। আজ অর্থাৎ সোমবার পর্যন্তই ভোটের প্রচার করতে পারবেন রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠল কমিশনের বাইক নিষেধাজ্ঞা (Bike Rally) নির্দেশিকা। জানা গিয়েছে, হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশন (Election Commission Of India)। আজই হতে চলেছে সেই মামলার শুনানি।

বাইক চালানো নিয়ে নিষেধাজ্ঞা কমিশনের

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত বুধবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বিচারপতি রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। তিনি সেই মামলায় কমিশনের উদ্দেশে বলেছিলেন, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। নাগরিকদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে।”

কমিশনকে সংশোধনের নির্দেশ হাইকোর্টের

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, বাইক মিছিল নিষিদ্ধ থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের ওপর লাগামহীন নিষেধাজ্ঞা চাপানো যাবে না। অর্থাৎ বাইক ব্যবহার নিয়ে কমিশনের আগের নির্দেশিকাগুলি পুনর্বিবেচনা করে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই মামলার শুনানিতে আদালতের তরফে জানানো হয়েছে, বাইক র‍্যালি নিষিদ্ধ থাকবে। ভোটের ১২ ঘণ্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রী নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে। বিচারপতি নির্বাচন কমিশনের ক্ষমতা এবং নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথাও স্মরণ করিয়ে দেন।

চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় মামলা হাইকোর্টে

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বাইক মিছিল সংক্রান্ত বিষয়ে রায় প্রদান মেনে নিতে পারেনি নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় রাজ্যে শান্তিপূর্ণ ভোটের দাবিতে রাজনৈতিক দলগুলির ‘বাইক-দাপট’ রুখতে তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল কমিশন। সূত্রের খবর, আজ দুপুর ১২টা থেকে এই মামলার শুনানি হওয়ার কথা। আসলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলির বাইক মিছিল এবং তার জেরে বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ প্রায়শই শোনা যায়। এতে সমস্যায় পরে সাধারণ জনগণ। তাই সেইজন্যই ভোটের দুদিন আগে এই মামলা করতে বাধ্য হল কমিশন।

আরও পড়ুন: ভোটের পর বদলা নেওয়ার হুমকি তৃণমূল প্রার্থীর! দিলেন চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি

প্রসঙ্গত, বাইক নিয়ে বেরোনো সংক্রান্ত নির্দেশিকায় কমিশন একাধিক ছাড় দিয়েছিল। জানানো হয়েছিল, জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়াও সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁদেরও ছাড় দেওয়ার পাশাপাশি র‌্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে না বলে জানানো হয়েছিল। তবে এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চায় তাহলে তাঁকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছিল কমিশন। এখন দেখার এই মামলার জল কোন দিকে গড়ায়।