পালিয়েও রক্ষা নেই, ত্রাণ কেলেঙ্কারিতে আটক কালনার প্রাক্তন TMC বিধায়ক দেবপ্রসাদ বাগ

Published:

Kalna

প্রীতি পোদ্দার, কলকাতা: পালিয়ে গিয়েও হল না লাভ! সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত আটক করা হল কালনার (Kalna) প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে (Deboprasad Bag)। গতকাল, সোমবার, মধ্যরাতে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে নিয়ে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদের বাড়ি ঘিরে তল্লাশি চালিয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেই সময় বাড়িতে দেবপ্রসাদ ছিলেন না। শেষে ফিল্মি কায়দায় মধ্যরাতেই আটক করা হল প্রাক্তন বিধায়ককে।

উদ্ধার সরকারি বিভিন্ন ত্রাণের সামগ্রী

রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগেই তৃণমূলের কালনা দু’নম্বর ব্লক সভাপতি প্রণব রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর দলীয় কার্যালয় থেকে সরকারি বিভিন্ন ত্রাণের ত্রিপল, ট্রাইসাইকেল, ক্র‍্যাচ-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছিল। শেষে চুরি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। গতকাল, সোমবার ধৃতকে কালনার এসিজেএম আদালতে হাজির করে পুলিশ তাঁকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। কিন্তু বিচারক শেষে পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এবার তাঁর সূত্র ধরেই নাম উঠে এল দেবপ্রসাদ বাগের।

মধ্যরাতে আটক প্রাক্তন বিধায়ক

ত্রাণ দুর্নীতির তদন্তে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে গেলেও দরজা বন্ধ থাকায়, সারারাত বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। তার উপর মধ্যরাতেই গোটা বাড়ি কার্যত চারদিক থেকে ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা। ওঠে ‘চোর চোর’ স্লোগান। এমন তপ্ত পরিস্থিতিতে শেষমেষ পালানোর চেষ্টা করলে, কালনা থানার পুলিশ পাকড়াও করে দেবপ্রসাদ বাগকে। শেষ পাওয়া খবর অনুসারে, প্রাক্তন বিধায়ককে জেরা চলছে। আশঙ্কা করা হচ্ছে তাঁর সূত্র ধরেই এবার একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতে পারে।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে স্কুলের সময়সূচিতে বড় বদল, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

প্রসঙ্গত, আগে নাকি দেবপ্রসাদ বাগ ছিলেন একজন টিভি মেকানিক। পরে তৃণমূল ক্ষমতায় আসতেই বছর কয়েকের মধ্যে বিধায়ক হন দেবপ্রসাদ। আর তারপরই রাতারাতি হয়ে গেলেন রাজপ্রাসাদের মালিক। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যে দামি আসবাবপত্র থেকে শুরু করে গোপন আন্ডারগ্রাউন্ড কুঠুরিও রয়েছে। যদিও তদন্ত এখনও চলছে। এর আগে, পূর্ব বর্ধমানেরই পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল ত্রাণ সামগ্রী ‘চুরি’র অভিযোগে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল ত্রিপল-সহ প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী।