প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এই প্রথমবার কলকাতার পার্কস্ট্রিটে পালন করা হবে দুর্গাপুজো (Park Street Durga Puja), অর্থাৎ এবার বড়দিনের আগেই ‘যিশু পাড়া’য় হবে বড় উৎসব। জানা গিয়েছে কলকাতা সনাতনী সংঘের হাত ধরে প্রথমবার অ্যালেন পার্কে হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja At Allen Park)। খুশিতে ডগমগ স্থানীয়রা, এমতাবস্থায় এই পুজোকে (Kolkata Durga Puja 2026) ঘিরে রাজনৈতিক মহলে শুরু হল নানা বিতর্ক। তৃণমূল এবং বাম নেতাদের একাংশের দাবি ধর্মীয় ভাবাবেগের কারণে বিজেপি ইচ্ছে করেই নাকি সেখানে এবার পুজোর আয়োজন করেছে।
পার্ক স্ট্রিটে প্রথমবার দুর্গাপুজো
বরাবরই পুজোর দিনগুলিতে কলকাতার এক আলাদা মেজাজ থাকে। অন্যদিকে পুজোর পার্ক স্ট্রিট বললে চোখের সামনে ভেসে ওঠে আলোয় ঝলমলে রাস্তাঘাট আর রেস্তরাঁর বাইরের লম্বা লাইন। সে চত্বরে উৎসবের আমেজ থাকলেও মা দুর্গার আরাধনা হয় না। কিন্তু এবার রাজ্য সরকারের পালাবদলের পর, পার্কস্ট্রিটের চিত্রে কিছুটা বদল আসতে চলেছে। কারণ শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা চেতলা অগ্রণীর মতো এবার পার্ক স্ট্রিটেও মা দুর্গার পুজো আয়োজন করা হতে চলেছে। বড়দিনের উৎসবের জন্য পরিচিত অ্যালেন পার্কে এই প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছে কলকাতা সনাতনী সঙ্ঘ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ‘কে আসছে?’ লেখা টিজার হোর্ডিং নজর কেড়েছে।
কী বলছে সনাতনী সঙ্ঘ?
সনাতনী সংঘের সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলছেন, “এ তো সবে টিজার। পিকচার অভি বাকি হ্যায়। সে সব ক্রমশ প্রকাশ্য। মহালয়া থেকেই আমরা উৎসবে মেতে উঠব। তবে হিন্দু রীতি মেনে দেবীপক্ষেই হবে পুজোর উদ্বোধন। সেখানেও থাকবে সারপ্রাইজ!” কলকাতা সনাতনী সঙ্ঘের দাবি, অতীতে কয়েকবার পুজোর অনুমতির চেষ্টা করা হলেও পূর্বতন সরকার অনুমতি দেয়নি। তবে এবার সেই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এদিকে পার্ক স্ট্রিটে দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে একাধিক বিতর্ক। অভিযোগ উঠছে প্রচলিত এক রীতিকে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগের কারণে বদলাতে চাইছে বিজেপি সরকার।
আরও পড়ুন: চিনে সুরক্ষিত শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা? মুকুল পুত্রের সঙ্গে দেখা করলেন শতরূপ
বাড়ছে রাজনৈতিক বিতর্ক
তৃণমূল নেতা বৈশান্বর চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, “অ্যালেন পার্কে বড়দিনের উৎসব হত। প্রতিবার এই উৎসবের উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমাদের কলকাতার পরম্পরা। কিন্তু বিজেপি সরকার আসতেই সমস্ত রীতি যেন পাল্টে দিতে চাইছে। এসব করে বিজেপিরা কী প্রমাণ করতে চাইছে তা অনেকের কাছেই স্পষ্ট নয়। ধর্ম নিয়ে রাজনীতি করলে দেশ দুর্বল হয়ে যাবে।” অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “খ্রিস্টান ছাড়া কেউ পার্ক স্ট্রিটে অনুষ্ঠান করবে না, এমন ব্যাপার নয়। তবে কিছু চালু অভ্যাস আছে, হঠাৎ করে কেনই বা বিজেপিরা পার্ক স্ট্রিটে পুজো করতে ছুটল। তাহলে ২৫ ডিসেম্বর তুলসীপূজন জাতীয় কিছু হবে না তো?”










