৮১ হাজার স্কুল সংস্কার থেকে ১২ হাজার পদে নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বতন সরকারের (Government Of West Bengal) আমলে রাজ্যজুড়ে শিক্ষা ক্ষেত্রেও ঢুকে পড়েছিল দুর্নীতি। কমবেশি যার প্রভাব পড়েছে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায়। তবে বাংলায় পালা বদল হতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার একেবারে নব রূপে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরতে চাইছে। সেই মর্মেই সোমবার বিকাশ ভবনে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্র এবং রাজ্য এবার এক হয়েছে। সেই সূত্রে এবার কেন্দ্রীয় অর্থ ঢুকছে রাজ্যের কোষাগারে। তাতে পহেলা আগস্ট থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হবে।

81 হাজার স্কুলের ভোলবদল হবে

সোমবার বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ কেন্দ্রীয় 8 প্রতিনিধি দলের। শুধু তাই নয়, এ দিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথেও ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এদিন পূর্বতন সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, বিগত তিন বছর এর আগের সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি না মানার একগুঁয়েমি দেখিয়েছিল। যার ফলে কেন্দ্রের অর্থ রাজ্যে আসার পথ খোলা থাকলেও বাংলা তা পায়নি। তবে এবার বর্তমান সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যের কোষাগারে কেন্দ্রীয় গ্র্যান্টের টাকা চলে আসবে।

মুখ্যমন্ত্রী এও জানালেন, রাজ্য জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কথা নিশ্চিত করার পর কেন্দ্রীয় অর্থ রাজ্যের কোষাগারে আসলে ওই অর্থ দিয়েই বাংলার অন্তত 81 হাজার স্কুলের পরিকাঠামোগত সংস্কার করা হবে। জানা গিয়েছে, কেন্দ্র এবং রাজ্যর যৌথ উদ্যোগে এবার থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে কাঠ-কয়লার বদলে গ্যাসে হবে মিড ডে মিলের রান্না। এছাড়াও প্রত্যেক স্কুলে বসবে সোলার প্যানেল!

অবশ্যই পড়ুন: ড্রাইভার ছাড়াই ছুটবে রেক! ইতিহাস গড়ার মুখে কলকাতা মেট্রো

এছাড়াও বিভিন্ন বালিকা বিদ্যালয় ও কো এডুকেশন স্কুল ও কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্যবস্থা চালু করা হবে। এর পাশাপাশি এদিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে এও জানানো হয়, আগামী 8 জুলাই সুপ্রিমকোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে গেলেই রাজ্যের তরফে ওবিসি মামলায় বিশেষ কোর্টে মেনশন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সমস্ত রকমের আইনি জটিলতা থেকে বেরিয়ে আসবে। আর সেটা হলেই রাজ্যের যে 6000 চাকরিপ্রার্থীর ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা হয়ে গেছে তাঁদের নিয়োগ করার পাশাপাশি বাকি 6000 পদে আটকে থাকা ইন্টারভিউ করিয়ে নিয়োগ করানো হবে বলেও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।