সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। অর্থ দফতরের পক্ষ থেকে কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হল স্যালারি অ্যাডভান্সড স্কিম (Salary Advanced Scheme)। বুধবার নবান্নের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেজারি কিংবা পে অ্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পান এমন গ্রুপ-ডি, গ্রুপ-সি সহ অন্যান্য পদের কর্মচারীরা এই প্রকল্পের আওতায় আসবেন বলেই খবর।
সরকারি কর্মচারীদের জন্য চালু হল স্যালারি অ্যাডভান্সড স্কিম
মেডিকেল ইমারজেন্সি, পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন কিংবা সন্তানের পড়াশোনার খরচসহ যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে কর্মচারীদের সাহায্য করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদিত সিডিউল কমার্শিয়াল ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির যৌথ অংশীদারিত্বের মাধ্যমে জিরো কস্ট অ্যান্ড জিরো লয়াবিলিটি ভিত্তিতেই এই অ্যাডভান্সড ফেসিলিটি প্রদান করা হচ্ছে সরকারি কর্মচারীদের।
তবে দুটি ভিন্ন মেয়াদে মিলবে এই অগ্রিম টাকা। প্রথমত, আচমকা জরুরি প্রয়োজনে এই সুবিধা নেওয়া যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের মোট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম হিসেবে পাওয়া যাবে। আর এই টাকা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনও কর্মীর মাসিক বেতন ৫০ হাজার টাকা হলে তিনি সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাবেন, যা পরবর্তী সময়ে বেতন থেকে এককালীন কেটে নেওয়া হবে।
আরও পড়ুন: বাইক, স্কুটার কিনতে আরও বেশি অগ্রিম টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা! নির্দেশিকা নবান্নর
অন্যদিকে বড় ধরনের চিকিৎসা বা পারিবারিক খরচের ক্ষেত্রে ২ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত মেয়াদে এই অগ্রিম টাকা নেওয়া যাবে। কর্মচারীরা তাদের মাসিক মোট বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত এই আর্থিক সুবিধা পাবেন। তবে চাকরির মেয়াদ থাকাকালীন এই টাকা মেটাতে হবে। সেক্ষেত্রে যদি কারোর বেতন ৩০ হাজার টাকা হয় তাহলে তিনি সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী এই অগ্রিমের সুবিধা পেতে ইচ্ছুক কর্মচারীদের রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল WBIFMS-র মাধ্যমেই সরাসরি আবেদন জানাতে হবে।










