ফের সুপ্রিম কোর্টে বাতিল ডিএ মামলার শুনানি, কবে হবে?

Published:

DA Case

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার (DA Case) শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল আজ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানির হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে শুনানি হচ্ছে না বলেই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সূত্রের খবর, ডিএ মামলার জন্য সর্বোচ্চ আদালতে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ফলে কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল।

সুপ্রিম কোর্টে বাতিল ডিএ মামলার শুনানি

আজ দুপুর দুটোর এই বেঞ্চ বসার কথা ছিল, এবং সেখানেই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল। সেই মতোই সরকারি কর্মচারী সংগঠন দিল্লিতে পৌঁছন। কিন্তু তারা সেখানে পৌঁছনোর পর জানতে পারেন যে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বিশেষ বেঞ্চ বাতিল করা হচ্ছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং জর্জ মাসিহের নিয়মিত বেঞ্চ ৭ নম্বর কোর্টে বসার কথা ছিল আজ। সেগুলিও বাতিল করা হয়েছে। পরিবর্তে ওই কোর্টে আজ বিচারপতি মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চ বসার কথা।

আসলে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা নিয়ে জলঘোলা দীর্ঘদিনের। সরকারি কর্মচারী সংগঠন এই দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরেই। তবে রাজ্য সরকার জানিয়েছে যে, বকেয়া ১০০% এর জায়গায় ৮৫% মেটাতে চাইছে সরকার। বিশেষ করে রাজ্যের কোষাগারের উপর অতিরিক্ত চাপের বিষয় উল্লেখ ধরা হয়। তবে শেষ মুহূর্তে বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা বাতিল করা হল। ফলে এতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অপেক্ষা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: জাতিগত শংসাপত্র যাচাইয়ে জমির দলিল বাধ্যতামূলক নয়, স্পষ্ট নির্দেশ রাজ্যের

এ বিষয়ে আজ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলেন, আজ অর্থাৎ ২৩ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তবে আমরা এখানে এসে পৌঁছনোর পর জানতে পারলাম যে, আজ শুনানি বাতিল করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের উপর এভাবে হয়রানি করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আগামী শুনানি কবে হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি।