অদিতি মুন্সির কার্যালয়ে বিপুল ত্রাণ, পাশে ধারালো অস্ত্র! হাতেনাতে ধরলেন তরুণজ্যোতি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সিংহাসন থেকে তৃণমূল (Trinamool Congress) ক্ষমতারচ্যুত হতেই একে একে দলের নেতাকর্মীদের কুকীর্তি প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই রাজ্যের নানান প্রান্তে তৃণমূল নেতা কর্মীদের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে নানান বেআইনি নথি, আধার কার্ড থেকে শুরু করে সরকারি ত্রাণ সামগ্রী। এবার বাগুইআটির তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হল একাধিক ধারালো অস্ত্র, বেতের লাঠি ও সরকারি ত্রাণ সামগ্রী। আর এই ঘটনায় এবার কাঠগড়ায় রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী।

বিজেপি বিধায়কের উদ্যোগেই খুলল পার্টি অফিসের তালা

বৃহস্পতিবার সকাল থেকেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অভিযান চালান বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিভিন্ন ওয়ার্ড অফিসে ঘুরে ঘুরে দেখেন তিনি। পরে সেই সব ওয়ার্ড অফিসের তালা ভেঙে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, ধারালো অস্ত্র এমনকি বেতের লাঠিও।

সূত্রের খবর, রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা তথা সংগীতশল্পী অদিতি মুন্সির নিজের অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক সাদা থান এবং সরকারি ত্রাণ সামগ্রী। একই সাথে তাঁর স্বামী অর্থাৎ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ইন্দ্রনাথের বাগুআইটির অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক ধারালো অস্ত্র। শুধু তাই নয়, দেবরাজ ঘনিষ্টের অফিসেও পাওয়া যায় একাধিক বালতি, ত্রিপল এবং সরকারি ত্রাণ সামগ্রী।

তৃণমূলের দুই হেভিওয়েট তথা দেবরাজ এবং অদিতি মুন্সি ও তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তির অফিস থেকে উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী এবং ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতির অভিযোগ, সাধারণ মানুষের পাওনা ত্রাণ সামগ্রীগুলি জোর করে পার্টি অফিসে মজুদ করে রেখেছিলেন তাঁরা। একই সাথে যেসব ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি বিজেপি কর্মীদের খুন করার জন্য মজুদ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ।

অবশ্যই পড়ুন: গোটা IPL-এ মেলেনি দেখা, হঠাৎ নতুন T20 লিগে হাজির ধোনি

রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়কের কথায়, “আমাদের বিজেপি কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল 4 তারিখের পর কোপানো হবে। সেজন্যই এইসব ধারালো অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল।” এদিন তৃণমূলের ওয়ার্ড অফিসগুলি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং ধারালো অস্ত্রের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি। এদিকে তৃণমূলের অফিস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।