LPG অতীত! জল দিয়েই হবে সব রান্না, হাইড্রোজেন ওভেন তৈরি করল শিবপুর IIST

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথাগত জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে দেশের প্রথম অন ডিমান্ড গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন (IIST Hydrogen Oven) আবিষ্কার করল শিবপুর IIST বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জানা যাচ্ছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করে সিলিন্ডারবিহীন এই কুকিং ওভেন তৈরি করা হয়েছে। যা বাণিজ্যিক গ্যাস বা গৃহস্থালির LPG-র পরিবর্তে রান্নার কাজে ব্যবহার করা যাবে। সর্বোপরি, যেহেতু এটি হাইড্রোজেন কুকিং ওভেন, ফলে জল দিয়েই হবে রান্না।

কীভাবে জল দিয়ে হবে রান্না?

পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যেই লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। ভারতে ইতিমধ্যেই কয়েক দফায় বেড়েছে বাণিজ্যিক এবং গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। ভবিষ্যতে পরিস্থিতি বেগতিক হলে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। মূলত সে কারণেই আমদানিকৃত LPG-র প্রয়োজনীয়তা কমাতেই বড় আবিষ্কার করে ফেললেন শিবপুর IIST এর গবেষকরা।

প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে অত্যাধুনিক অন ডিমান্ড হাইড্রোজেন উৎপাদন ব্যবস্থা রয়েছে। এর ফলে ভবিষ্যতে স্টোরেজ সিলিন্ডারের প্রয়োজন পড়বে না। এবার আসা যাক আসল প্রসঙ্গে। এই ব্যবস্থায় মূলত জলের তড়িৎ বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে প্রয়োজন মতো হাইড্রোজেন উৎপাদন করে সেটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

জানা যাচ্ছে, শিবপুর IIST এর ডিরেক্টর ভিএমএসআর মূর্তি, গবেষণা ও পরামর্শদাতা বিভাগের দিন প্রতীক দত্ত এবং সেন্টার ফর গ্রীন টেকনোলজি বিজনেস ইনকিউবেশনের সচিব মানস কুমার সান্যাল সহ আরও বেশ কয়েকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেনটির। এদিন ওই উন্মোচন মুহূর্তে এও জানানো হয়েছে, জল থেকে বিদ্যুতের সাহায্যে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যাবে। ওই হাইড্রোজেন গ্যাস দাহ্য হওয়ার কারণে সেটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওই হাইড্রোজেন গ্যাস যখন পুড়ে যাবে সেই সময় অক্সিজেনের সঙ্গে গ্যাসটি মিশে জলীয় বাষ্প তৈরি করবে। তাতে ক্ষতি হবে না পরিবেশের।

অবশ্যই পড়ুন: এবছর কোন দল জিতবে ফুটবল বিশ্বকাপ? সৌরভ গাঙ্গুলি বললেন…

এক কথায় বলা যেতেই পারে, শিবপুর IIST এর উদ্যোগে দেশে প্রথম যে অন ডিমান্ড গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন তৈরি হল তা সবদিক থেকে পরিবেশবান্ধব। এখানেই শেষ নয়, ওই এক ওভেনেই একসাথে পরিমাণে বেশি রান্না করা সম্ভব হবে। তাতে বাণিজ্যিক গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে এই বিশেষ হাইড্রোজেন ওভেন ব্যবহার করে ব্যবসা চালাতে পারবে বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁর মালিকরা। বলা হচ্ছে, সৌর বিদ্যুৎ ব্যবস্থার সাথে হাইড্রোজেন ওভেনকে যুক্ত করা হলে একেবারে নিখরচায় রান্না করা যাবে। যদিও প্রাথমিকভাবে এই ওভেন ব্যবহার হবে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। পরে ধীরে ধীরে এটি বাড়ির রান্নাঘরে ব্যবহারের উপযোগী হবে।