অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপুজোর আগেই কলকাতার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আরও মজবুত। পুজোর ছুটির আগেই অক্টোবর মাস থেকে সাংহাই এবং আঙ্কোর ভাটের জন্য বিখ্যাত মন্দির-শহর সিয়াম রিপ পর্যন্ত বিমান পরিষেবা (International flights) পুনরায় চালু করতে চলেছে ইন্ডিগো (Indigo)। এছাড়া আগামী মাস থেকে সিঙ্গাপুরের জন্যও আরও একটি বিমান পরিষেবা চালু হবে। বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines) কলকাতা ও সিঙ্গাপুর শহরের মধ্যে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে।
ইন্ডিগো কলকাতা থেকে তিন বিদেশী শহরে আবার চালু করছে পরিষেবা
কলকাতা থেকে বর্তমানে ১০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো এয়ারলাইন্স। আগামী মাস থেকে তারা চীনের সাংহাই, কম্বোডিয়ার সিয়াম রিপ এবং সিঙ্গাপুরে পুনরায় বিমান পরিষেবা শুরু করতে চলেছে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের জেরে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে গত মার্চ মাসে এই ফ্লাইট পরিষেবাগুলি বন্ধ করে দেওয়া হয়। এখন বিমান সংস্থার এক আধিকারিক জানিয়েছেন যে, এই তিনটি রুটের ফ্লাইটই আগামী ১ অক্টোবর থেকে ফের চালু হতে চলেছে। চীনের সাংহাইগামী ফ্লাইটটি প্রতিদিন চললেও, সিঙ্গাপুরের ফ্লাইটটি মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে ছয় দিন চলবে। আর সিয়াম রিপগামী ফ্লাইটটি সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনি – এই তিন দিন চলাচল করবে।
এই ফ্লাইটগুলো ছাড়া, ইন্ডিগো কলকাতা থেকে বিশ্বের পাঁচটি ভিন্ন শহরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। এগুলি হল – বাংলাদেশের ঢাকা, থাইল্যান্ডের ব্যাংকক, ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের ফুকেট ও চীনের গুয়াংঝাও। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলস্বরূপ ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীর সংখ্যা প্রচুর পরিমাণে হ্রাস পায়। এর ফলে বিমান সংস্থাগুলো একাধিক রুটে ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়।
আরও পড়ুন: মোবাইলের সিমের মতো পোর্ট হবে FasTag-র ব্যাঙ্ক, লঞ্চ হল নতুন OneTag পরিষেবা
তবে যেহেতু দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে, তাই ইন্ডিগো-সহ ভারত থেকে পরিচালিত বিমান সংস্থাগুলি একাধিক আন্তর্জাতিক ফ্লাইট আবার চালু করছে। ইন্ডিগোর এক কর্মকর্তা জানান, অক্টোবর মাস পড়লেই, আগামী ১ অক্টোবর ভুবনেশ্বর থেকে ব্যাংকক, ২৬ অক্টোবর গয়া থেকে ব্যাংকক এবং ২৭ অক্টোবর গুয়াহাটি থেকে ব্যাংকক পর্যন্ত সপ্তাহে দুবার ফ্লাইট চালু হবে। পরের মাসে, ২০ নভেম্বর, মুম্বাই থেকে তানজানিয়ার দার এস সালাম পর্যন্ত আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে চলেছে।










