বাড়ি বাড়ি পৌঁছতে হবে জল, জলপাইগুড়িতে ‘আম্রুত’ প্রকল্পে দ্রুত কাজ শুরুর নির্দেশ

Published:

AMRUT Yojana in Jalpaiguri

অনন্যা সরকার, জলপাইগুড়ি: এবার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ার জন্য বদ্ধপরিকর জলপাইগুড়ির জেলা প্রশাসন। পুর শাসক তথা সদর মহকুমা শাসক (SDO) মঈন আহমেদ কেন্দ্রীয় সরকারের ‘আম্রুত’ (AMRUT Yojana) প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ প্রদানের কাজ অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরে প্রায় ৩৭,০০০টি হোল্ডিং বা বাড়ি রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৯,০০০ বাড়িতে জলের সংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত প্রায় ১৩,৫০০ বাড়িতে সংযোগ পৌঁছাতে পেরেছে। অভিযোগ উঠেছে, দুই ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণেই ‘আম্রুত’ প্রকল্পের আওতায় প্রায় ৫,৫০০ বাড়িতে এখনও পৌঁছায়নি জল সংযোগ। 

দ্রুত পানীয় জল সংযোগ পৌঁছে দেওয়ার নির্দেশ পুরো প্রশাসকের

বরাত পাওয়া দুই ঠিকাদার সংস্থার এই ঢিলেমির কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। বারবার জানানোর পরেও তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তাঁরা। মহকুমাশাসক মঈন আহমেদ সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। ‘আম্রুত’ প্রকল্প সর্ম্পকে এই কথা তাঁর কানে পৌঁছাতেই দ্রুত  কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার মহকুমা শাসক জানান, আম্রুত প্রকল্পের প্রথম পর্যায়ে যে ৫,৫০০ বাড়িতে পানীয় জলের সংযোগ এখনও দেওয়া যায়নি, দ্রুত সেই কাজ শেষ করবেন তাঁরা। এই বিষয়টি কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থাগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। মহকুমা শাসক এও জানান যে, যদি সংস্থাগুলি  ঠিকভাবে কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে নতুন করে টেন্ডার ডাকবে পুরসভা। এরপর দ্বিতীয় ধাপে ১৬ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। 

আরও পড়ুন: ভারতের চারবারের স্বর্ণপদক জয়ী আজ রাস্তায় বিক্রি করেন সবজি, পাত্তাও দেয়নি সরকার!

পরিষেবার মানের দিকে নজর দেওয়ার পাশাপাশি, তিনি কর্মীদের ফাঁকিবাজি বন্ধ করার জন্যও কড়া বার্তা দিয়েছেন। জলপাইগুড়ি পুরসভায় দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা বায়োমেট্রিক মেশিনটিও অবিলম্বে মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া, ছুটি না নিয়ে অফিস কামাই করা বেশকিছু কর্মীদেরও এদিন ভর্ৎসনা করেন তিনি।