অনন্যা সরকার, কলকাতা: তাকে দেখেই রাইড ক্যান্সেল করে দিলেন যাত্রী, এই অভিযোগ তুলেছেন কলকাতা শহরের এক অ্যাপ ক্যাব চালক (Cab Driver) আব্দুল মোসাদ্দেক (Abdul Mossaddek)। তিনি তার ফেসবুক পেজ থেকে একটি রিল শেয়ার করে তার সাম্প্রতিক অভিজ্ঞতাটির সম্পর্কে জানিয়ে তার হতাশা প্রকাশ করেছেন ওই ক্যাব চালক।
কী ঘটনা ঘটেছিল?
আব্দুল মোসাদ্দেক একটি অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি চালান। বিভিন্ন যাত্রী অ্যাপ থেকে ক্যাব বুক করলে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন আব্দুল। পাশাপাশি, তার ক্যাব চালানোর নানা অভিজ্ঞতা ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এরকমই একটি ভিডিওতে তিনি জানান গত বৃহস্পতিবার লেকটাউন থেকে সেক্টর ৫ পর্যন্ত যাওয়ার জন্য একটি বুকিং পান তিনি। বুকিং পাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই তিনি যাত্রী লোকেশনে পৌঁছান। সেখানে উপস্থিত ছিলেন দুই মহিলা, যাদের তিনি সম্ভাব্য যাত্রী বলে মনে করে ইশারায় জানতে চান তারাই বুক করেছেন কিনা।
কিন্তু আব্দুলের অভিযোগ ওই দুজন তাকে দেখা মাত্রই না দেখার ভান করে দূরে সরে যান। তারপর রাইডটি বাতিল করে দেন তারা। এইভাবে প্রত্যাখ্যাত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওই মুসলিম যুবক। তার বেশভূষা দেখে তার সম্প্রদায়িক পরিচিতি পাওয়া যায়। কিন্তু একজন ড্রাইভার হিসেবে এই ধরনের ব্যবহার তিনি আশা করেননি বলে জানান। তার বলার কোনো ভাষা নেই বলে ভিডিওটিতে হতাশা ব্যক্ত করেছেন তিনি।
আরও পড়ুনঃ স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন
এই ভিডিওর কমেন্ট সেকশনে কেউ কেউ তাকে সমর্থন জানিয়েছেন। আবার কিছু মানুষ তার পরিচ্ছদকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। তাদের বক্তব্য এতে তার সরাসরি কোনও দোষ না থাকলেও সাম্প্রতিককালে দেশে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার যে ঘটনাগুলি ঘটেছে, তা এইরকম আচরণের কারণ।










