স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন

Published:

Smart Meter Connection Cut

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রি-পেইড স্মার্ট মিটার (Smart Meter) পুরোপুরিভাবে চালু করা নিয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ মন্ত্রকের (Ministry of Power) তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানো হবে এরাজ্যে। কিন্তু দীর্ঘদিন ধরে পোস্ট-পেইড মিটার ব্যবহার করে আসা গ্রাহকদের মধ্যে প্রি-পেইড স্মার্ট মিটার নিয়ে একটা দোলাচল কাজ করছে। কিছু বিভ্রান্তিও ছড়িয়েছে। যেমন অনেকেই ভাবছেন হঠাৎ করে রিচার্জ ফুরিয়ে গেলে মাঝরাতেই বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সরবরাহ। এই ভয়ে স্মার্ট মিটার লাগাতে আগ্রহী হচ্ছেন না বহু গ্রাহক। কিন্তু সত্যিই কি রিচার্জ ফুরোলে তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে বিদ্যুতের সরবরাহ? আসুন জেনে নিই।

কী বলছে বিদ্যুৎ কর্তৃপক্ষ?

বিদ্যুৎ দপ্তর জানিয়েছে যে, বকেয়া অর্থের পরিমাণ ৩০০ পেরোলে বিদ্যুৎ সংযোগ কাটার সম্ভবনা থাকে। তবে শনি, রবি বা সরকারি ছুটির দিনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হবে না।সংযোগ বিচ্ছিন্ন করার জন্যও নির্দিষ্ট সময় আছে। বিদ্যুৎ দপ্তর বলেছে, প্রতিদিন বিকেল ৫:০০ টার পর থেকে পরদিন সকাল ১০ পর্যন্ত সরবরাহ বন্ধ করা হবে না। শুধুমাত্র অফিস টাইমেই বিচ্ছিন্ন করা হবে সংযোগ।

এই ঘোষনা অনেক গ্রাহককেই আশ্বস্ত করবে, বিশেষত যারা টাকা ফুরোলে স্মাট মিটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে বলে ভয় পাচ্ছিলেন। অফিস টাইমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত অনেক গ্রাহকের জন্য সুবিধাজনক হবে। তাই মাঝরাতে রিচার্জ ফুরোলেও চিন্তা নেই। ৩০০ টাকা বকেয়া অবধি স্মাট মিটার বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাবে এবং বকেয়া থাকলেও নির্দিষ্ট সময় ছাড়া সংযোগ কাটা হবে না। ফলে বকেয়া মেটানোর ও নতুন রিচার্জ করার জন্য অনেকটা সময় গ্রাহকরা পাবেন।

আরও পড়ুনঃ ISRO-র চাকরি ছেড়ে অর্গানিক ফার্মিং, খেঁজুর চাষ করে ১৫ লক্ষেরও বেশি আয় দিবাকরের

স্মাট মিটার নিয়ে আরেকটা অভিযোগও প্রায়শই উঠে আসে যে, এতে বিদ্যুতের বিল বেশি ওঠে। কিন্তু এই অভিযোগও সম্পূর্ণ সত্য নয়। অনেক গ্রাহকই কম টাকা রিচার্জ করান, ফলে অল্প দিনের মধ্যেই খরচ হয়ে যায় টাকা। তাই তারা ভাবেন কারেন্ট হয়তো বেশি পুড়ছে বা রিডিং ব্যবহারের তুলনা বেশি দেখাচ্ছে স্মার্ট মিটারে। কিন্তু না, এর কারণ হল একটি নির্দিষ্ট ফি প্রতিদিন কাটা হয়, যার মধ্যে থাকে ফিক্সড চার্জ, বিদ্যুৎ শুল্ক ও স্মার্ট মিটার সম্পর্কিত আরও কিছু ফি। এই চার্জ বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতিদিন অ্যাকাউন্ট থেকে কাটা হয়। ফলে কম টাকার রিচার্জ এড়িয়ে চলাই ভালো। একসাথে ৫০০ বা ১,০০০ টাকা রিচার্জ করলে ১৫ থেকে ৩০ দিন আরামসে চালানো যায়।