বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর, কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kolkata Metro) পিলারে ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ওই স্টেশনটিকে। বর্তমানে সেই স্টেশনেই চলছে মেরামতির কাজ। এমতাবস্থায়, এবার কলকাতা মেট্রোর গ্রিন লাইনের এক স্টেশনের পিলারে দেখা দিল ফাটল। জানা গিয়েছে, সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর আধিকারিকরা। দীর্ঘক্ষণ স্টেশনটি পরিদর্শনের পর ইঞ্জিনিয়াররা জানিয়ে দেন, স্টেশনের বাইরের অংশের এক পিলারে সামান্য ফাটল দেখা দিয়েছে। তাতে ক্ষতিগ্রস্ত হয়নি গোটা স্টেশনের কাঠামের।
সিটি সেন্টার মেট্রো স্টেশনও বন্ধ হয়ে যাচ্ছে?
বুধবার, সকালে সিটি সেন্টার মেট্রো স্টেশনের বাইরের অংশের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর চিফ, সিনিয়র আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা। দীর্ঘক্ষণ ফাটল থাকা পিলারটিকে পর্যবেক্ষণ করেন তাঁরা। মিস্ত্রি ডেকে এনে পিলারের প্লাস্টার চটিয়ে দেখা যায় ফাটল বেশ গভীর। তবে ফাটলটি স্টেশনের একেবারে বাইরের অংশের একটি পিলারে থাকায় তাতে স্টেশনের গোটা পরিকাঠামের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিন, সিটি সেন্টার মেট্রো স্টেশনের নির্দিষ্ট পিলারটি পরীক্ষা করার পর মেট্রোর ইঞ্জিনিয়ার এবং কর্তারা জানিয়ে দেন, ওই পিলারে ফাটল থাকার কারণে যাত্রীদের ভয় পাওয়ার কিছু নেই। এতে স্টেশনের কোনও ক্ষয়ক্ষতি হবে না। মেট্রো যাত্রীরা নির্দ্বিধায় এবং সম্পূর্ণ নিরাপদে এই স্টেশন দিয়ে যাতায়াত করতে পারেন। তবে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই স্টেশনের নির্দিষ্ট পিলারটির ফাটল মেরামত করা হবে।
অবশ্যই পড়ুন: ২০ হাজার কনস্টেবল নিয়োগ, পুলিশ ঘুষ নিলেই অ্যাকশন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এ নিয়ে মেট্রো আধিকারিকদের প্রশ্ন করা হলে তাঁরা জানান, মিডিয়ার মাধ্যমেই প্রথমে জানতে পেরেছিলেন সিটি সেন্টার মেট্রোর বাইরের অংশে ওই পিলারটিতে ফাটল রয়েছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা দেখে নিয়েছেন এতে যাত্রীদের কোনও সমস্যা হবে না। গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকছে। তবে ঠিক কীভাবে ওই পিলারে ফাটল দেখা দিল সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।










