৫০০-তে ৫০০! CISCE পরীক্ষায় কেমন ফল করল কলকাতার পরীক্ষার্থীরা?

Published:

ICSE And ISC Result 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইসিএসই-র দশম এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে (ICSE And ISC Result 2026)। বরাবরের মতো এবারও নজরকাড়া পারফরম্যান্স দেখাল কলকাতার পড়ুয়ারা। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষায় এবার সব বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে বিরাট নজির গড়েছে শহরতলী ও কলকাতার দুই কন্যা। আবার অন্যদিকে দশম শ্রেণীর আইসিএসই পরীক্ষাতেও ১ নম্বরের জন্য ৫০০ মিস হয়েছে এক ছাত্রের।

৫০০-তে ৫০০ অনুষ্কার

পানিহাটি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী অনুষ্কার হাত ধরে এবছর তাঁর মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। অনুষ্কার মা চেয়েছিলেন, তাঁর মেয়ে এমন ভাবে পড়াশোনা করুক যাতে সব বিষয়েই ফুল মার্কস আসে। তা-ই সত্যি হল। ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও কম্পিউটার সায়েন্স প্রতিটি বিষয়ে ১০০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে অনুষ্কা। ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণার জন্য এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সে। তবে বিজ্ঞানের ছাত্রী হলেও অনুষ্কার প্রাণভোমরা হল কবিতা এবং গল্প লেখা।

এদিকে নিউ গড়িয়ার বাসিন্দা আনন্দপুর দি হেরিটেজ স্কুলের ছাত্রী ইলিনা রাজকুমার উদানিও আইএসসি পরীক্ষায় বিরাট সাফল্য পেয়েছে। ইংরেজি, ঐচ্ছিক বিষয়, সমাজবিজ্ঞান এবং গণজ্ঞাপন প্রতিটি বিষয়ে সে ১০০ নম্বর পেয়েছে। সেরা তিন বিষয়ে এবং ইংরেজি নিয়ে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০-তে ৪০০। ভবিষ্যতে ইংরেজি সাহিত্য নিয়ে গবেষণা এবং শিক্ষাকতা করতে চায় এই ছাত্রী। ইতিমধ্যেই দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সেরে ফেলেছে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল লেখালেখিতেও সে পারদর্শী।

দশম শ্রেণীতে অর্কদীপের দাপট

অন্যদিকে রামমোহন মিশন হাই স্কুলের ছাত্র অর্কদীপ বন্দ্যোপাধ্যায় আইসিএসই পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য পূর্ণমান মিস করেছে। ৫০০-র মধ্যে ৪৯৯ পাওয়া এই ছাত্রের মার্কশিটে বিজ্ঞান, গণিত, ইতিহাস-ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সব বিভাগেই জ্বলজ্বল করছে ১০০ নম্বর। তবে শুধুমাত্র তাঁর ইংরেজিতে নম্বর ৯৯। সে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স বিশেষ করে এআই নিয়ে উচ্চশিক্ষা করতে চায়। সারাদিন বই নিয়ে বসে থাকার ছেলে সে নয়। পড়াশোনার পাশাপাশি পরিবার এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও পছন্দ করে সে।

আরও পড়ুন: থাকতে হবে জেলেই, মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল সহ ৫২ জনের জামিনের আর্জি খারিজ

আবার একই স্কুলের আরেক ছাত্র বাঘাযতীনের বাসিন্দা অভিনব দাসও নজরকাড়া সাফল্য অর্জন করেছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং গণিতে ১০০ পাওয়ার পাশাপাশি ইংরেজিতে ৯৯ এবং বিজ্ঞানে ৯৮ পেয়েছে এই ছাত্র। ভবিষ্যতে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এসে পড়তে চায় সে।