বদলে গেল কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস, চেক করুন এখনই, রইল প্রসেস

Published:

Krishak Bandhu

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের গরিব কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় যে সমস্ত যোগ্য কৃষকরা রয়েছেন, তাঁরা বছরে ৮ হাজার থেকে শুরু করে সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। জমির পরিমাণ অনুযায়ী সমস্ত দিক বিচার বিবেচনা করে এবং নির্দিষ্ট নিয়মে এই টাকা দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে?

কীভাবে করবেন স্ট্যাটাস চেক?

আবেদন অনুমোদন হয়েছে কিনা বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অনলাইনেই দেখে নিতে পারেন নিজেদের স্ট্যাটাস। এবার বাড়িতে বসেই কোনও রকম হয়রানি ছাড়াই জেনে নিন আপনার আবেদনের বর্তমান অবস্থা। এর জন্য প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ড, ভোটার কার্ড বা ইপিক (EPIC), মোবাইল নম্বর, কৃষক বন্ধু আইডি অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যেকোনও একটি বেছে নিয়ে সেই তথ্য দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে সার্চ বা সাবমিট অপশনে ক্লিক করলেই স্ক্রিনে সংশ্লিষ্ট কৃষকের স্ট্যাটাস এবং পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে।

কোন স্ট্যাটাসের কী অর্থ?

স্ট্যাটাসে ‘অ্যাপ্রুভড’ লেখা থাকলে বুঝে নিতে হবে আপনার আবেদনটি অনুমোদনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। ‘এডিএ অ্যাপ্রুভড’ লেখা থাকলে বুঝে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে অনুমোদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। আবার ‘পেন্ডিং’ লেখা থাকলে বুঝবেন আবেদনটির কোনও একটি ধাপ এখনও সম্পূর্ণ হয়নি এবং বিষয়টি নজরদারির মধ্যে রয়েছে। অন্যদিকে ‘পেমেন্ট ক্লিয়ার’ বা ‘ট্রানজ়্যাকশন সাকসেস’ দেখা গেলে বুঝবেন, ইতিমধ্যেই টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তবে কিছু কৃষকের স্ট্যাটাসে আবার ‘প্রেজ়েন্ট ইন পিএম কিষান’ লেখা দেখা যাচ্ছে। এই স্ট্যাটাসের সঙ্গে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের বিষয়টি যুক্ত রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরা পিএম কিষান প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, সেটাও দেখা হচ্ছে। কারও স্ট্যাটাসে ‘প্রেজ়েন্ট ইন পিএম কিষান’ লেখা থাকলে তার অর্থ বোঝায়, ওই কৃষকের নাম পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ তিনি পিএম কিষানের সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন: জোড়াফুল প্রতীক নিয়ে দড়ি টানাটানি, মমতা ও ঋতব্রত দুই তৃণমূলকে দিল্লিতে তলব কমিশনের

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ‘প্রেজ়েন্ট ইন পিএম কিষান’ লেখা থাকার অর্থ পিএম কিষান পাওয়ার বিষয়টি যাচাইয়ে ধরা পড়েছে। একইসঙ্গে এটাও বোঝা যায় যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের সময় তাঁর তথ্য কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষা করা হয়েছে। তবে শুধুমাত্র এই স্ট্যাটাস দেখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা সেই বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সেটি নির্ভর করবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী অনুমোদন ও পেমেন্ট স্ট্যাটাসের উপর। তাই ‘প্রেজ়েন্ট ইন পিএম কিষাণ’ দেখলে মূলত এটুকুই নিশ্চিতভাবে বোঝা যায় যে সংশ্লিষ্ট কৃষক পিএম কিষানের সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন।