ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে এবার স্কুল ইউনিফর্মে আসছে বড় বদল, বিশেষ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Published:

Government Schools

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা শুরু হতে না হতেই চারিদিকে শুরু হয়েছে মশার উপদ্রব, আর সেই থেকেই ছড়াচ্ছে ডেঙ্গু (Dengue), ম্যালেরিয়া। তাই এবার ডেঙ্গু সংক্রমণের হাত থেকে ছাত্র ছাত্রীদের রক্ষা করতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার, স্কুলের (Government Schools) ইউনিফর্মে নিয়ে আসা হচ্ছে বড় বদল। জানা গিয়েছে, ছেলে এবং মেয়ে উভয় পড়ুয়াদের জন্য এমন পোশাক (School Uniform) পরিকল্পনা করা হতে চলেছে যাতে পা সম্পূর্ণ ঢাকা থাকে। বুধবার রাজ্যের তরফে এমনই পরিকল্পনা প্রকাশ্যে আনলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

ডেঙ্গু রোধে স্কুল ইউনিফর্মে বড় বদল

প্রতিবছরই বর্ষার সময় রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ঠিকঠাক চিকিৎসা না পাওয়ায় অনেক মানুষ এই রোগের কারণে মারা যায়, তাই এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যের তরফে বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার স্বাস্থ্যভবনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে। সেখানেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান যে, “প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদের ঢাকতে হবে পা। আর এই নির্দেশের মূল উদ্দেশ্য হল, মশার কামড় থেকে পড়ুয়াদের বাঁচানো।”

পা ঢাকা থাকে এমন পোশাক আনা হবে

বর্তমানে যে ইউনিফর্ম রয়েছে সেখানে দশম শ্রেণী পর্যন্ত অনেক ছাত্রী স্কার্ট পরে স্কুলে আসে। ফলে হাঁটু থেকে নিচের অংশ খোলা থাকে, যা মশার কামড়ের ঝুঁকি বাড়ায়। তাই সেই কথা মাথায় রেখেই নতুন নকশার ইউনিফর্মে পা ঢাকা থাকে এমন পোশাকের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রেও ফুল শার্ট ও ফুল প্যান্ট ব্যবহারের সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্কুল চলাকালীন সময়ে পড়ুয়ারা যাতে মশার আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শীঘ্রই এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিকেলে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

সরকারি বিদ্যালয়গুলিতে এই নিয়ম কার্যকর হলেও প্রশ্ন উঠছে বেসরকারি স্কুলের ক্ষেত্রে। তাই এই বিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে বেসরকারি স্কুলগুলোকে এই বিষয়ে সঠিক উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হবে। আবেদন করা হবে পোশাক বিধিতে বদল আনার। তবে জোর করে কোনো নির্দেশ তাঁদের উপর চাপানো হবে না। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ চাইলে পোশাকে বদল নাও করতে পারেন। এদিকে ডেঙ্গু রোধের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বেশ খুশি শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা।