বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর ডিসেম্বর মাসে শহরে পা রেখেছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। যা নিয়ে গঙ্গা দিয়ে জল কম গড়ায়নি। বিশেষ করে, শহরে মেসির আগমনে লেকটাউনে উদ্বোধন করা হয়েছিল ফুটবলের রাজপুত্রের 70 ফুটের এক বিশাল মূর্তি (Lionel Messi Statue)। যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলকাতার ফুটবল ভক্তদের আবেগ। যদিও পরবর্তীতে মেসির সেই মূর্তি বিতর্কের কেন্দ্র হয়ে দাঁড়ায়। বিশেষত গত মে মাসের শেষের দিকে স্থানীয় পথ চলতি মানুষ লক্ষ্য করেন মেসির মূর্তিটি দুলছে। মূলত সে কারণেই নিরাপত্তার কথা ভেবে মূর্তিটিকে অন্যত্র সরানো হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, মেসির সেই মূর্তি বসবে ইকো পার্কেই।
মেসির মূর্তি বসানো নিয়ে বড় ভাবনা
মেসির বিশাল মূর্তি হাওয়া দিলেই দুলে উঠছে, এমন অভিযোগ পাওয়া মাত্রই মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়, আর যাই হয়ে যাক মূর্তিটি যেন অক্ষত থাকে। কারণ এর সাথে বহু মানুষের আবেগ জড়িয়ে। আর তারপরেই সুনিপন কৌশলে মূর্তিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এবার শোনা যাচ্ছে, সেই মূর্তি বসানো হবে ইকো পার্কে। এমনটাই জানিয়েছেন বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, মেসির মূর্তিটিকে ইকো পার্কে সরিয়ে নিয়ে যাওয়ার ছাড়পত্র মিলেছে। এখন শুধু চূড়ান্ত অনুমতির অপেক্ষা। বিধাননগরের বিধায়কের কথায়, “এই মুহূর্তে মেসির মূর্তিটি পিডব্লিউডিতে শুয়ে রয়েছে। রেস্ট নিচ্ছেন তিনি। এরপর আমরা মেসিকে ওয়ার্ম আপ করিয়ে ইকো পার্কে নিয়ে যাব।”
অবশ্যই পড়ুন: আয়ারল্যান্ডে ভারতের হারের ম্যাচেও চতুর্থ ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড শিবম দুবের
উল্লেখ্য, চলতি ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। বিগত দুই ম্যাচেই সবচেয়ে বেশি গোল এসেছে মেসির পা থেকে। যে কথা না বললেই নয়, এই মুহূর্তে ফিফা ফুটবল বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা লিওই। তাঁর খাতায় রয়েছে 18টি গোল। যদিও সেই রেকর্ড ভাঙার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ফ্রান্সের এমবাপে। তিনি অবশ্য এই মুহূর্তে ফিফা ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।










