মাটিগড়া থেকে ডুয়ার্স ২০১ কিমি হাইওয়ে! আরও সহজ হবে উত্তরবঙ্গ ভ্রমণ

Published:

Matigara Dooars Highway

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্ল্যান করছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের যাতায়াত ব্যবস্থাকে একটি নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে একের পর এক কাজ করেই চলেছে সরকার। এখন মাটিগড়া (Matigara Dooars Highway) থেকে দার্জিলিং, কালিম্পং হয়ে ডুয়ার্স পর্যন্ত ২০১ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি বিকল্প হাইওয়ে করিডর তৈরির পরিকল্পনা করা হচ্ছে সরকারের তরফে।

মাটিগড়া থেকে ডুয়ার্স অবধি নতুন পথ তৈরির পরিকল্পনা

সূত্রের খবর, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। NH-10-এর যানজট কমাতে এই নতুন রুট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়ির ডামডিম হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত সংযোগ বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং শহরের যানজট কমাতে ১৮ কিলোমিটারের সার্কুলার রোড প্রকল্পে অনুমোদন মিলেছে।

উপকৃত হবেন সাধারণ মানুষ

বর্তমানে NH-10 দিয়ে প্রচুর পর্যটক এবং বাণিজ্যিক যানবাহন চলাচল করছে, তাই প্রস্তাবিত বিকল্প করিডরটি শিলিগুড়ি, হিলস এবং ডুয়ার্স অঞ্চলের মধ্যে আরেকটি প্রধান সংযোগপথ তৈরি করতে পারে। এছাড়া ঘুম ও দার্জিলিং-সহ ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে খুলে গেছে ডুয়ার্সের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র মূর্তি নদীর উপর নির্মিত নতুন সেতু।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেতুটির উদ্বোধন করেন। পুজোর আগে সেতু চালু হওয়ায় পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। এদিন হেলিকপ্টারে টিয়াবনে পৌঁছে সড়কপথে উত্তর ধূপঝোড়া-মূর্তি পর্যটনকেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। সেখানে প্রথমে মূর্তি নদীর ফলক উন্মোচন করেন এবং পরে ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ির পাশে অবস্থিত মাটিগড়া মূলত ডুয়ার্সের প্রবেশদ্বার বা ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। এটি এমন একটি জায়গা, যেখান থেকে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল এবং পাহাড়ি এলাকায় সহজে যাওয়া যায়।