অনন্যা সরকার, কলকাতা: কলকাতাবাসীদের জন্য সুখবর নিয়ে এল মেট্রো রেলওয়ে (Kolkata Metro) কর্তৃপক্ষ। মেট্রো লাইন সম্প্রসারণ প্রক্রিয়ায় এবার হাওড়া, শিয়ালদহ-এর সাথে যুক্ত হতে চলেছে শহরের আরেক ব্যস্ততম স্টেশন, কলকাতাও (Kolkata Station)। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত নতুন মেট্রো রুট চালু করা হবে। ইতিমধ্যে প্রাথমিক সমীক্ষার সম্মতিও মিলেছে। ইস্ট-ওয়েস্ট করিডরের (East -West Metro) পরিকল্পনার সময়ে সল্টলেক, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রো লাইন সংযুক্তিকরণের পরিকল্পনা ছিলই, এখন তারই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতা স্টেশন পর্যন্ত নতুন মেট্রো রুট
গ্রীন লাইনের (Green Line) করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রো রেল লাইন সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এরজন্য প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে সমীক্ষার কাজ শুরু করার কথাও জানানো হয়েছে। এই নতুন মেট্রো রুট ক্ষুদিরাম বসু, বাগজোলা খাল সংলগ্ন এলাকা ও সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে প্রায় ৮.৮ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছাবে করুণাময়ী। এই প্রকল্প বাস্তবায়ন হলে নতুন রুট চালু থাকা রুটগুলির সঙ্গে জুড়ে যাবে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, যেহেতু প্রস্তাবিত রুটের বেশিরভাগ অংশই খালের ওপর তাই জমি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কতটা মাটির ওপর দিয়ে বা তলা দিয়ে যাবে এই রুট, তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। সমীক্ষার পর এই রুট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল।
আরও পড়ুনঃ রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন
গ্রীন লাইনে কলকাতা স্টেশনকে যুক্ত করার ওই পরিকল্পনা বহু মেট্রোযাত্রীদের জন্য সুখবর হয়ে এসেছে। পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হলো করুণাময়ী। সেক্টর ফাইভের বহু অফিস ফেরত যাত্রীরা এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। আবার করুণাময়ী বাসস্ট্যান্ডে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলি থামে। এই সমস্ত যাত্রীদের অনেকেই কলকাতা স্টেশন পৌছাতে চান, আর তাদের কথা মাথায় রেখেই রেলমন্ত্রক করুণাময়ী স্টেশনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমীক্ষার কাজ শুরু হলেও, কবে থেকে চালু হবে এই রুট তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।










