সৌভিক মুখার্জী, কলকাতা: আরও গ্যাঁড়াকলে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাড়ি ভাঙার নোটিশ আগেই পাঠানো হয়েছেই তাঁকে। আর এবার সাংসদের বাড়ির এলিভেশন ড্রয়িং চেয়ে পাঠাল কলকাতা পুরসভা। সূত্রের খবর, বাড়ির সামনে এবং ভিতরে নকশার মধ্যে কোনও রকম বদল করা হয়েছে কিনা তা যাচাই করার জন্যই এই রিপোর্ট বিস্তারিত চেয়েছে পুরসভা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ফের হস্তক্ষেপ পুরসভার
উল্লেখ্য, আগেই অভিষেকের ১৭ টি বাড়ির বিল্ডিং নকশা জমা দিতে বলা হয়েছিল পুরসভার তরফ থেকে। আর হরিস মুখার্জি রোডে তাঁর বাসভবন শান্তিনিকেতনের অবৈধ কাঠামো ভেঙে ফেলার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। যদিও সাংসদ পুরসভাকে চিঠি পাঠিয়ে আরও ১০ দিনের সময় চান, এবং পুরসভা তা মঞ্জুরও করে। তবে পুরসভার অভিযোগ, ওই সমস্ত ভবনে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে। সেই কারণে এবার শান্তিনিকেতন বাড়ির এলিভেশন ড্রয়িং জমা করতে বলা হয়েছে।
পুরসভা খতিয়ে দেখবে যে বাড়িতে তৈরির আগে বাড়ির সামনে এবং ভিতরের যে উচ্চতায় নকশা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়েছে নাকি পরে কোনও রকম বদল ঘটনা হয়েছে। আসলে এলিভেশন ড্রয়িং এ সমস্ত রিপোর্ট বিস্তারিত উল্লেখ করা থাকে। সেগুলি যাচাই করার জন্যই পুরসভার এই নোটিশ।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের সদস্যদের নাম কেন নিচ্ছে সরকার? জানা গেল কারণ
না বললেই নয়, গত ১৮ মে পুরসভা অভিষেককে নোটিশ পাঠিয়েছিল। সেখানে বিল্ডিং প্ল্যান জমা দিতে সাংসদকে ৭ দিনের জন্য সময় দেওয়া হয়েছিল। তবে অভিষেকের লিপ্স অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে আরও ১০ দিনের সময় চাওয়া হয়। কিন্তু বাড়ির বেআইনি অংশ নিয়ে অভিষেককে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাচ্ছিলেন। এমনকি মেজাজ হারিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, “যে অংশে বেআইনি আছে তা আগে চিহ্নিত করে নিয়ে আসুন। তারপরে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো।” তবে পরে আবার সুর নরম করতে বাধ্য হন সংসদ। আর এবার ফের বাড়ি সংক্রান্ত নথি চেয়ে পাঠাল পুরসভা।










