এক সপ্তাহের মধ্যেই বদল, সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

Published:

7th Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কবে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে সংশয় বহুদিনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করা হয়েছে। সেখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। তবে এক সপ্তাহের মধ্যেই সেই চেয়ারম্যান পদে পরিবর্তন করা হল। নবান্নের তরফ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাকে নিযুক্ত করা হল নতুন চেয়ারম্যান?

সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা

এদিন সপ্তম বেতন কমিশন নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, রাজ্য সরকার গত ২২ জুলাই সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করেছিল। কিন্তু সেই কমিটির আংশিক সংশোধন করে রাজ্যপাল আরএন রবি অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীর বদলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রী নবীন প্রকাশকে কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করেছেন। এমনকি বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে।

না বললেই নয়, রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে, চলতি অর্থবর্ষের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি সরকার আরও জানিয়েছে, কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান কমানোর জন্য যা করার তা করা হবে। একইসঙ্গে বকেয়া ডিএ পরিশোধ করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তবে ধাপে ধাপে তা পূরণ করা হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সপ্তম বেতন কমিশনের টিওআর প্রস্তুত করা হয়েছে। এখন শুধুমাত্র তা কার্যকর করার পালা।

May be an image of text

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ৭০৮৬ কোটি টাকা জরিমানা করেছে ব্যাংকগুলি, আপনার ব্যালেন্স কাটেনি তো?

প্রসঙ্গত উল্লেখ করে রাখি, এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ একধাক্কায় ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ফলে বর্তমানে যেখানে ১৮ শতাংশ করে ডিএ মিলত, তা বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। যদিও তা আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে বলেই জানানো হয়েছে। কিন্তু তা সত্বেও সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাচ্ছে না, এবং সপ্তম বেতন কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করছে না।