শওকত মোল্লার বাড়িতে NIA, বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেলেন তদন্তকারীরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনিতেই বিধানসভা নির্বাচনে হেরে দৈনদশা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। তার উপর একের পর এক নেতা, বিধায়কের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। এমতাবস্থায় এবার, তৃণমূল নেতা শওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে তদন্তে নামল NIA। জানা যাচ্ছে, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার তৃণমূল নেতার বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। তবে এদিন ভোরে তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলছিল। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে শওকতের ছেলেকে একপ্রকার তুলে নিয়ে গেলেন NIA অফিসাররা।

বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেল NIA!

সূত্রের খবর, ভাঙড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার ভোরে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়ির সামনে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা NIA। এদিন এবারের বিধানসভা নির্বাচনে ভাঙড়ের তৃণমূল প্রার্থীর বাড়িতে পৌঁছেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দেখেন তৃণমূল নেতার বাড়িতে তালা ঝুলছে। এরপর আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে তৃণমূল নেতার বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়ার পর পাশের একটি কার্যালয়ে তল্লাশি চালান তাঁরা।

জানা গিয়েছে, এদিন শওকতের বাড়িতে তালা ঝুলতে দেখায় পার্শ্ববর্তী একটি তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালানোর পাশাপাশি শওকত মোল্লার ছেলের সাথেও কথা বলেন NIA অফিসাররা। কথা হয় স্থানীয়বাসিন্দাদের সাথেও। পরবর্তীতে দেখা গেল শওকত মোল্লাকে না পেয়ে তাঁর ছেলেকেই গাড়িতে করে নিয়ে বেরোল NIA আধিকারিকদের দল। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

অবশ্যই পড়ুন: নতুন আবেদনকারীদের অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা কবে ঢুকবে? জানালেন অগ্নিমিত্রা পাল

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তৃণমূলে ভাঙন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিয়ে একের পর এক ঘটনা সামনে এলেও মুখ খুলতে দেখা যায়নি তৃণমূল নেতা শওকত মোল্লাকে। কয়েকটি সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনে হারের পর শওকত নাকি নিজে থেকেই রাজনীতি থেকে কিছুটা দূরে দূরে থাকছিলেন। যদিও এই মুহূর্তে তৃণমূল নেতা কোথায় রয়েছেন তা জানা যায়নি।