বিপদ বাড়ল অভিষেকের! আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিপদ বেড়েই চলেছে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে হানা দিল পুলিশ। সূত্রের খবর, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে একযোগে বিষ্ণুপুর এবং বেহালা থানার পুলিশ হানা দিয়েছে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে। সেখানে পৌঁছে সুমিতের মায়ের হাতে নোটিস ধরিয়ে এসেছেন তাঁরা। তবে ছেলে সুমিত কোথায় রয়েছে তা নিয়ে কিছুই জানাননি তাঁর মা।

সুমিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয় বসানোর নাম করে একটি রিসোর্ট ভাড়া নিয়েছিলেন। তবে সেই রিসোর্টের ভাড়ার টাকা এখনও পর্যন্ত পাননি রিসোর্ট মালিক। আর সে কারণেই সুমিতের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করিয়েছেন তিনি। অভিযোগ দায়ের হয়েছে বেহালা থানাতেও। আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছন দুই থানার পুলিশ অফিসাররা।

অবশ্যই পড়ুন: ভারতীয় রুপির মাধ্যমেই হবে বাণিজ্য, বাংলাদেশকে বড় প্রস্তাব দিল রাশিয়া

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিষ্ণুপুর এবং বেহালা থানার পুলিশ সদস্যরা সুমিতের বাড়ির সামনে গিয়ে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিলেন। অনেক ডাকাডাকির পর দরজা খুলে বেরিয়ে আসেন সুমিতের মা। তাঁর কাছে ছেলে সুমিত সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি সুমিতের মায়ের হাতে নোটিস ধরান পুলিশ কর্মীরা। তবে ছেলে কোথায় আছে সে বিষয়ে কিছুই জানেন বৃদ্ধা। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তাড়াতাড়ি সমস্ত সমস্যা মিটে যাক এমনটাই চাইছেন।

এদিকে সুমিত রায়কে নোটিস ধরানোয় ফের শিরোনামে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অনেকেই মনে করছেন, সুমিত রায় একবার গ্রেফতার হলে তৃণমূল সাংসদদের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে! একমাত্র সুমিতই রয়েছেন যিনি অভিষেকের নানান গোপন খবর জানেন বলেই দাবি একাংশের।