আনিষা চৌধুরী, কলকাতা: রেশন (Ration) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে (West Bengal) একাধিক সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের কারণে রাজ্যের রেশন দোকান মোট ১২ দিন বন্ধ থাকবে। এই সময় খাদ্যশস্য পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। ফলে মাসের প্রয়োজনীয় রেশন তুলতে দেরি করলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। প্রতি মাসের শুরু ও শেষ দিনে অনলাইন রেশন ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের জন্য সাধারণত খাদ্যশস্য বিতরণ বন্ধ থাকে। তার সঙ্গে অক্টোবর মাসে রয়েছে গান্ধীজয়ন্তী, মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং নিয়মিত সাপ্তাহিক ছুটি। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকাতেও অক্টোবরের এই একাধিক ছুটির উল্লেখ রয়েছে।
কবে থেকে রেশন তোলা যাবে?
২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটি থাকায় মাসের শুরুতেই রেশন বিতরণ একদিনের জন্য বন্ধ থাকবে। ফলে ৩ অক্টোবর থেকে গ্রাহকরা রেশন তুলতে পারবেন বলে জানানো হয়েছে। এরপর ১০ অক্টোবর মহালয়া এবং দুর্গাপুজোর সময় ১৮ অক্টোবর মহাসপ্তমী থেকে ২১ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত একাধিক ছুটি রয়েছে। ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটিও সরকারি তালিকায় রয়েছে। এর পাশাপাশি সোমবারের সাপ্তাহিক বন্ধ এবং মাসের শুরু ও শেষ দিনের নির্ধারিত বিরতি সব মিলিয়ে অক্টোবর মাসে মোট ১২ দিন রেশন পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রেশন তোলার জন্য গ্রাহকদের হাতে দিন খুবই স্বল্প।
সপ্তমীর আগেই রেশন তুলে নেওয়ার পরামর্শ
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ১৮ অক্টোবর মহাসপ্তমীর আগে মাসিক বরাদ্দের রেশন তুলে নিলে গ্রাহকদের সুবিধা হবে। তাঁর বক্তব্য, প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক সময় রেশন বিতরণে সমস্যা তৈরি হচ্ছে। তার উপর অক্টোবর মাসে ছুটির সংখ্যা বেশি হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেই রেশন সংগ্রহ করে নেওয়া ভালো।
আরও পড়ুন: ‘No UPI Day’ পালনের ডাক প্রত্যাহার ব্যবসায়ীদের, স্বস্তি পাবে গ্রাহকরা?
তাই অক্টোবরের রেশন নিয়ে গ্রাহকদের ছুটির বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং কোন কোন দিন ছুটি রয়েছে সেই হিসেব মাথায় রেখে মাসের বরাদ্দ যতটা সম্ভব আগেভাগে সংগ্রহ করে নিতে হবে। শেষ দিন অব্দি অপেক্ষা করলে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে।










