সহেলি মিত্র, কলকাতাঃ UPI ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। ২ অক্টোবর ‘No UPI Day’ পালনের ঘোষণাটি প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীদের একটি বড় অংশ ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপর প্রস্তাবিত ০.৪০% মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এর প্রতিবাদে, ২ অক্টোবর ইউপিআই ব্যবহার না করার ডাক দেওয়া হয়েছিল, তবে তা এখন হচ্ছে না।
‘No UPI Day’ পালনের ডাক প্রত্যাহার ব্যবসায়ীদের
সূত্রের খবর, বাণিজ্য সংগঠনগুলির নেতারা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্তটি এখন প্রত্যাহার করা হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর জাতীয় সাধারণ সম্পাদক এবং চাঁদনি চক থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়ালের নেতৃত্বে প্রায় ২০ জন ঊর্ধ্বতন ব্যবসায়ী নেতা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বৈঠকে ব্যবসায়ীরা ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর ০.৪০% এমডিআর (MDR) আরোপের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ব্যবসায়ীরা জানান যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে, যদি প্রতিটি বড় ইউপিআই লেনদেনের জন্য দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়, তবে তা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
কেন ‘নো ইউপিআই ডে’ ডাকা হয়েছিল?
এআইসিপিডিএফ এবং এআইএমআরএ সহ কিছু ব্যবসায়িক সংগঠন ২ অক্টোবর ‘নো ইউপিআই ডে’-এর ডাক দিয়েছিল। এর উদ্দেশ্য ইউপিআই বন্ধ করা ছিল না, বরং প্রস্তাবিত এমডিআর-এর বিরুদ্ধে সরকারের কাছে তাদের মতামত জানানো। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পর, উভয় সংগঠনই এখন তাদের ডাক প্রত্যাহার করে নিয়েছে। ব্যবসায়ীদের মতে, সরকার তাদের আশ্বাস দিয়েছে যে তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও পতন ভারতীয় রুপির! দেখুন আজকের রেট
দোকানদাররা কেন চিন্তিত?
একটি দোকানের এক গ্রাহক UPI-এর মাধ্যমে ১০,০০০ টাকা পরিশোধ করলেন। প্রস্তাবিত ০.৪০% এমডিআর অনুযায়ী, এই ফি-র পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ টাকা। ব্যবসায়ীরা উদ্বিগ্ন যে, বিপুল সংখ্যক ডিজিটাল পেমেন্টের কারণে এই এই ছোট ছোট ফি জমে মোট খরচ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ছোট ব্যবসা এবং কম মুনাফার প্রতিষ্ঠানগুলোর জন্য, তারা নিশ্চিত করতে চায় যে ডিজিটাল পেমেন্ট যেন তাদের কোনো সরাসরি খরচ ছাড়াই সহজলভ্য থাকে।










