বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি (Lionel Messi) কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁর অবশ্য দাবি, একেবারে অকারণে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। রাজ্যে পালাবদল হতেই এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় FIR দায়ের করেছিলেন। সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট নন শতদ্রু। এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে কথা লিখেছেন শতদ্রু।
অরূপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু
তৃণমূল সরকারকে উৎখাত করে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতেই একে একে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেসি কান্ড নিয়ে মুখ খোলেন শতদ্রু। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, অরূপ বিশ্বাস গোটা সময়টাই মেসির সাথে সেটে ছিলেন। এছাড়াও তাঁর আত্মীয় পরিজনদের ভিড়ে আর্জেন্টাইন ফুটবলারকে দেখতে পাননি সাধারণ দর্শকরা।
এখানেই শেষ নয়, অরূপের বিরুদ্ধে মেসির ইভেন্টের টিকিট কালোবাজারি করার অভিযোগ রয়েছে। আর এইসব অভিযোগ নিয়েই বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয় FIR। সেইসব অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান অরূপ। বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য একপ্রকার অরূপ বিশ্বাসকে ভৎসনা করেন।
তিনি বলেন, “মেসি কাণ্ডে আমরা প্রত্যেকে অত্যন্ত লজ্জিত। এমন ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে থাকবেন কেন? মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? তিনি তখন মন্ত্রী ছিলেন। একজন মন্ত্রী হয়ে এমনটা কীভাবে করতে পারেন তিনি?” এদিন বিচারপতি এও বলেন, “পুলিশ দেখা করতে যেতে বলছে, কেন যাচ্ছেন না? কবে যাবেন?” উত্তরে অরূপ বিশ্বাসের আইনজীবী জানান, “আপনি রক্ষাকবচ দিয়ে দিলে কালই যাব।”
এমন জবাবের পর কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, 48 ঘন্টা আগে অরূপ বিশ্বাসকে নোটিস দিয়ে তলব করতে হবে। সেই সাথে আদালত এও জানায়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তদন্ত চলবে। তবে পুলিশ গ্রেফতার করতে পারবে না! অরূপও আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না। কলকাতা হাইকোর্টের এমন নির্দেশের পর একেবারে হতাশ শতদ্রু।
অবশ্যই পড়ুন: সুস্মিতা দেব, সুখেন্দুর পর পদত্যাগ তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদের
এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছেন, “কলকাতা হাইকোর্ট অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছে। তাঁকে গ্রেফতার করা যাবে না। আমি এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করব। যদি সেখানে বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাব। আমাকে যখন গ্রেফতার করা হল বলা হয় আমি নাকি প্রভাবশালী। এদিকে অরূপ বিশ্বাস তো আমার থেকেও বেশি প্রভাবশালী। উনি প্রমাণ লোপাট করতে পারেন। তাই সুপ্রিম কোর্টে যাওয়াই ঠিক হবে!”










