অনন্যা সরকার, কলকাতা: যাত্রীদের সুবিধায় শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের (Sealdah Ranaghat AC Local) স্টপেজ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শিয়ালদহ-রানাঘাট লাইনের এসি লোকাল পরিষেবায় আরও পাঁচটি স্টেশন যুক্ত করা হচ্ছে। এই ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে আপাতত আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে।
কোন স্টেশনে কখন থামবে এসি লোকাল?
পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে, ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর এবং সিমুরালি – এই পাঁচটি স্টেশনে এবার থেকে থামবে। এসি লোকালের এই ব্যবস্থা উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বহু যাত্রীদের উপকৃত করবে।
শিয়ালদহ থেকে রানাঘাটগামী এসি লোকলের নতুন স্টপেজের সময়সূচীও প্রকাশ করেছে রেল। ট্রেনটি ইছাপুরে সন্ধ্যা ৭:৩২ মিনিটে থামবে, জগদ্দলে পৌঁছাবে সন্ধ্যা ৭:৩৯ মিনিটে, কাঁকিনাড়া স্টেশনে আসবে সন্ধ্যা ৭:৪২ মিনিটে, হালিশহরে থামবে সন্ধ্যা ৭:৫৪ মিনিটে এবং সিমুরালি পৌঁছাবে রাত ৮:১২ টায়।
আবার রানাঘাট থেকে শিয়ালদহ আসার সময় এসি লোকালটি সিমুরালিতে আসবে সকাল ৮:৪৫ মিনিটে, হালিশহর পৌঁছাবে সকাল ৯:০২ মিনিটে, কাঁকিনাড়া স্টেশনে ঢুকবে সকাল ৯:১৩ টায়, জগদ্দল পৌঁছাবে সকাল ৯:১৬ মিনিটে আর ইছাপুরে থামবে সকাল ৯:২৩ মিনিটে।
আরও পড়ুনঃ স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন
পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, এই নতুন পরিষেবা উত্তর ২৪ পরগনা ও নদিয়ার যাত্রীদের, বিশেষ করে কলেজ ও অফিস যাত্রীদের অনেকটাই সুবিধা করবে। আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হলেও যাত্রীদের থেকে ভালো সাড়া পাওয়া গেলে শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের এই পাঁচটি স্টপেজকে স্থায়ী করতে পারে রেল।










