অনন্যা সরকার, কলকাতাঃ কল্যাণীতে বিমানবন্দর (Kalyani Airport) তৈরির প্রস্তাবে কার্যত সবুজ সংকেত দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তিনি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তার এবিষয়ে আলোচনা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শীঘ্রই গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালু হবে। আর এবার কল্যাণীতে বিমানবন্দর তৈরির ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।
কবে শুরু হবে বিমানবন্দর তৈরির কাজ?
নদীয়ার হরিণঘাটায় মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানেই উঠে আসে কল্যাণীতে বিমানবন্দর তৈরির প্রসঙ্গ। এর আগে ভোটের প্রচারে বিষয়টি নিয়ে বার্তা দেওয়া হয়েছিল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কল্যাণী বিমানবন্দর তৈরির প্রস্তাব নিয়ে তার কথা হয়েছে। জায়গা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে, সময় সুযোগ বুঝে কর্মসূচি স্থির করা হবে।
আরও পড়ুনঃ জট কাটল রেল প্রকল্পে, অমৃত স্টেশন থেকে ফ্লাইওভার কী কী ঘোষণা বাংলার জন্য?
গতকাল রাজ্য সরকারের তরফে গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান, কোথায় কোথায় ওয়াটার মেট্রো চালু হবে তা এখনো স্থির করা হয়নি। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা দেখা হচ্ছে। মৎস্যজীবীদের কাজে যাতে কোনও ব্যাঘাত না হয় সেই বিষয়টির ওপরও নজর দেওয়া হয়েছে। ভারতবর্ষে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে কোচিতে। এর পাশাপাশি ১৭টি শহরে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে গুয়াহাটি, শ্রীনগর পাটনা, বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজের মতো শহর। দ্বিতীয় পর্যায়ে ডিব্রুগড় ও তেজপুরের সাথে কলকাতাও পাবে ওয়াটার মেট্রো।










