নাম বদলাচ্ছে সোদপুর, খড়দহ স্টেশনের! রেলের কাছে প্রস্তাব রাজ্যের মন্ত্রীর

Published:

Sodpur-Khardaha Station Name Change

সহেলি মিত্র, কলকাতাঃ সোদপুর, খড়দহ…শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ দুটি স্টেশন । প্রতিদিনি এই দুই স্টেশনের ওপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। তবে এবার পূর্ব রেলের এই দুই স্টেশন নাকি বদলে যেতে চলেছে, নাম বদলাচ্ছে (Sodpur-Khardaha Station Name Change)! সত্যিই কি তাই? আপনিও কি রোজ এই দুই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে বিশদে জেনে নেবেন।

নাম বদলাচ্ছে সোদপুর, খড়দহ রেল স্টেশনের?

জানা গিয়েছে, সোদপুর ও খড়দহ স্টেশনের নামে বদল আনার প্রস্তাব দিয়েছেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। কেন এরকম আচমকা প্রস্তাব? এই প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, প্রভু নিত্যানন্দর স্মৃতিবিজড়িত খড়দহ-পানিহাটির বৈষ্ণব ঐতিহ্য এবং প্রাচীন মন্দিরগুলিকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই ঐতিহাসিক পরিচিতিকেই সামনে আনতে কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে স্টেশন দুটির নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে।

বড় দাবি মন্ত্রীর

কল্যাণ চক্রবর্তী জানান, ‘চৈতন্য ভাগবত-সহ বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে খড়দহ ও পানিহাটির উল্লেখ রয়েছে। প্রায় সাড়ে পাঁচশো বছরের ঐতিহ্য বহনকারী এই অঞ্চলের বিভিন্ন মন্দিরকে যুক্ত করে টেম্পল ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শ্রীপাট খড়দহ এবং পানিহাটি নামে স্টেশনের নামকরণ হলে এবং পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার চেহারাই বদলে যাবে। কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুনঃ মহার্ঘ ত্রাণ দেওয়া শুরু নবান্নর, পেনশন প্রাপকদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

এছাড়াও এই জায়গাকে ঘিরে প্রশাসনের আরও অনেক কাজের কথা রয়েছে সে বিষয়টিও উল্লেখ করতে ভোলেন না মন্ত্রী। কী কাজ? এই প্রসঙ্গে কল্যাণ চক্রবর্তী আরও জানান, ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরে মোট সাতটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে খড়দহ স্টেশন সংলগ্ন এলাকার সঙ্গে বিটি রোডের সংযোগকারী একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা, যা পূর্ত দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে।’ সেইসঙ্গে বলরাম হাসপাতালের উন্নয়ন, খড়দহের খাল সংস্কার এবং খড়দহ স্টেশনকে মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার আবেদনও সংশ্লিষ্ট দপ্তর ও কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে জানানো হয়েছে। ‘দীর্ঘদিন ধরে পাঁক-পলি জমে খালটির নাব্যতা কমেছে। পলি অপসারণ করে খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ প্রয়োজন,’ জানালেন মন্ত্রী।