‘বেরোতে পারছি না, আইনি পদক্ষেপ নেব!’ FIR কাণ্ডে পাল্টা হুঁশিয়ারি শ্রীলেখা মিত্রর

Published:

Sreelekha Mitra

সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে দিল্লি যন্তরমন্তরে চলে আন্দোলন। জেন-জির দাবি মেনে নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে দিল্লির সেই আন্দোলনের আঁচ এসে পড়ে কলকাতা সহ দেশের অন্যান্য শহরে। শুক্রবার বাম ছাত্র সংগঠন এসএফআই-র নেতৃত্বে কলকাতায় যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। হাজার হাজার মানুষ এদিন জড়ো হন রাজপথে। আর সেখানেই উপস্থিত হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

আইনি গ্যাঁড়াকলে শ্রীলেখা

আসলে আন্দোলনে নেমে এদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর ছবি প্রকাশ্যে তুলে ধরেন। সেই ছবি দেখানোর প্রতিবাদেই একাধিক বিজেপি নেতা এবং কর্মীরা পুলিশের দ্বারস্থ হন। প্রথমে আনন্দপুর থানায় এফআইআর করেন বিজেপির একনিষ্ঠ কর্মী কেয়া ঘোষ। তবে তার পরপর রাজ্যের একাধিক থানায় অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা প্রায় ৫০টির বেশি এফআইআর করেন। তাদের একটাই অভিযোগ, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মানহানিকর এবং কুরুচিকর ছবি প্রদর্শন করেছেন শ্রীলেখা মিত্র। এমনকি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এ নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী তথা বাম সমর্থক।

এদিন সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, “আমাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের থ্রেট কল আসছে। এই পোস্টারগুলো আমি বানাইনি। দিল্লির যন্তরমন্তরের আন্দোলন থেকে নিয়ে আসা হয়েছে। আমার হাতে একটা পোস্টার ধরিয়ে দেওয়া হয়েছে যেটা আমি খুলেও দেখিনি। এটা মনে হচ্ছে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমার ভিতরে তো একটু হলেও শিক্ষা আছে। সমাজ মাধ্যমে আমাকে নোংরা ইঙ্গিত করা হচ্ছে।”

আরও পড়ুন: NEET-র পর সংরক্ষণ সংস্কারের দাবি, এবার ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-র ডাক

এমনকি তাঁর আরও সংযোজন, “আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। বাড়ির সামনে এসে হামলা করছে। আমি যদি ছবিটি দেখতাম, তাহলে কি আমি ওইভাবে তুলে ধরতাম? একটা প্রতিবাদ যখন হয় তার নানা রকম ভাষা হয়। আমাকে গ্রেফতার করলে করুক। আমি একাই লড়ে যাব। আমি যে দলটা করি, তার কর্মী সমর্থকরা সবসময় আমার পাশে রয়েছে। এমনকি দল যদি পাশে না থাকে, তাহলেও আমি লড়াই করব। থানায় এই অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। আমার আইনজীবী গোটা বিষয়টা দেখছেন। আমি কোনও জেন-জি নই। আমি যদি রেপের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাকে কি ধর্ষিতা হতে হবে? সবটা আইন বলবে।”