উদ্ধার করেছিল CBI, সরকার বদলাতেই OMR শিটের প্রতিলিপি প্রকাশ্যে আনল SSC

Published:

School Service Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন ঘটেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। তবে সেই পালাবদলের পরপরই নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ২০১৬ সালের আরএলএসটি-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ডিজিটাল প্রতিলিপি এবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করেছিল তার উপর ভিত্তি করেই এই প্রতিলিপি তৈরি করা বলে খবর।

আদালতের নির্দেশে প্রতিলিপি প্রকাশ

এসএসসি-র তরফে জানানো হয়েছে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দীর্ঘ দিনের নির্দেশ ছিল ওএমআর শিট জনসমক্ষে আনার। আইনি বাধ্যবাধকতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্যই কমিশনের এই উদ্যোগ। যার ফলে ওএমআর শিটে কারচুপি হয়েছিল কিনা বা কার কত নম্বর ছিল তা এখন সহজেই যাচাই করতে পারবে চাকরিহারা শিক্ষকরা।

সূত্রের খবর, শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা শিক্ষা কর্মীদের ওএমআর শিটও প্রকাশের কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এখনও পর্যন্ত সেগুলো ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তবে কমিশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, খুব দ্রুত শিক্ষা কর্মীদের প্রতিলিপি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: সোনার দাম কমলেও রুপো নিয়ে খারাপ খবর, আজকের রেট

এদিকে ওএমআর শিট প্রকাশের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীরা। তাঁদের দাবি, ওএমআর শিটের ভিত্তিতে যাঁদের নিয়োগ ছিল, তাঁদের দ্রুত পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। নতুন সরকারের কাছে তাঁদের এটাই আর্জি। এমনকি এ নিয়ে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন তাঁরা মিছিল ডেকেছিলেন। নবাগত শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেই এই পদক্ষেপ বেশ ইতিবাচক হিসেবে দেখছে তাঁরা।