যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য হাইকোর্টের নয়া বার্তা, বড় পদক্ষেপ নিচ্ছে SSC-ও

Published:

SSC Teachers

অনন্যা সরকার, কলকাতা: বিগত সরকারের আমলে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র ২৬,০০০ জনের প্যানেলটি সম্পূর্ণভাবে বাতিল করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পালাবদলের পর এই প্যানেলের যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের জন্য পথে নামেন শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সরকার যেন এবিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় তারও দাবি করেন তারা। এবার এসএসসি-র যোগ্য চাকরিহারাদের জন্য বড় বার্তা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷ জানা গেছে, সুপ্রিম কোর্টে নিয়োগের ডেডলাইন বাড়াতে আবেদন করবে এসএসসি। হাইকোর্টে এবিষয়ে ইঙ্গিত দিয়ে সওয়াল করেছেন এসএসসি-এর আইনজীবী।

ডেডলাইন বাড়ানোর জন্য আবেদন করবে  এসএসসি

কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, একসাথে চাকরিহারা হয়ে পড়া শিক্ষকদের জন্য তার খারাপ লাগছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবে বাতিল হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রার্থীদের প্রতি নিজের সহানুভূতি প্রকাশ করে অমৃতা সিনহা জানান, সংরক্ষণ, পূর্ব অভিজ্ঞতার ১০ নম্বর, পুরোনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়ার মতো অনেকগুলি বিষয় বিবেচনা করা প্রয়োজন। স্কুল সার্ভিস কমিশনকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সবার আগে গুছিয়ে নেওয়ারও নির্দেশ দেন তিনি। 

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, ডেডলাইন বাড়াতে সুপ্রিম কোর্টের আবেদন করবে এসএসসি। হাইকোর্টে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে সওয়াল করেছেন এসএসসির আইনজীবী। তিনি বলেন হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আরও ২ সপ্তাহ সময় মঞ্জুর করার আর্জি জানানো হয়েছে। 

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি চিন্ময় মণ্ডল দাবি করেন, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন এবিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, তাই তাঁকে পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চাইছেন শিক্ষকেরা। 

জানিয়ে রাখি, রাজ্য আবার নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে এসএসসি।  উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যেই বাকিদের নিয়োগ শুরু করছে রাজ্য। আদালতের নির্দেশ অনুযায়ী, বাকি ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করবে এসএসসি। আগামী ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রসঙ্গত, ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশ ছিল মেধা তালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশ করতে হবে। এর আগে ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ প্রক্রিয়া সমাপ্ত হলেও, বাকি প্রার্থীরা অনিশ্চয়তায় ছিলেন।