আনিষা চৌধুরী, কলকাতা: প্যারা টিচার থেকে শিক্ষাবন্ধু, এসএসকে-এমএসকে কর্মী, বন দফতরের কর্মী, বিভিন্ন স্তরের কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর (Salary Hike) সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার (Government of West Bengal)। সোমবার নবান্নে মন্ত্রিসভায় বৈঠক হয়, তারপরেই একাধিক ক্ষেত্রে এই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির সুযোগ তৈরি করতে নতুন আইনি কাঠামো তৈরির ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে শিক্ষা এবং প্রশাসন উভয়ের একাধিক স্তরে কর্মরতদের জন্য এই বৈঠক এবং সেখানে গৃহীত সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্যারা টিচার ও শিক্ষাবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি
প্রথমেই আসা যাক শিক্ষা ক্ষেত্রে। প্যারা টিচারদের মাসে ৫ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে কর্মরত ২০ হাজার ৩৪৩ জনের পারিশ্রমিক ১১ হাজার ৯৪১ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হবে। অন্যদিকে, উচ্চ প্রাথমিকের ২১ হাজার ৮৪৯ জন প্যারা টিচারের মাসিক বেতন ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২০ হাজার ৫২৩ টাকা। দুই ক্ষেত্রেই নতুন হার কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষাবন্ধুদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। ২ হাজার ২৮০ জনের মাসিক পারিশ্রমিক ৯ হাজার ৯৫৪ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হচ্ছে। পাশাপাশি ২১ জন বিশেষ শিক্ষকের ভাতাও ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা।
শিক্ষা দফতরের আরও কর্মীর জন্য বাড়তি অর্থ
শুধু প্যারা টিচার বা শিক্ষাবন্ধু নয়, শিক্ষা দফতরের আরও কয়েকটি গোষ্ঠী এই সুবিধার আওতায় রয়েছে। ব্যবস্থাপনা কর্মী, এসএসকের সহায়ক, এমএসকের সম্প্রসারিকা, এমএসকের মুখ্য সম্প্রশাসক এবং শিক্ষাবিষয়ক তত্ত্বাবধায়কদের পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে শিক্ষা দফতরের প্রায় ১৩টি গোষ্ঠীর কর্মীরা এই বৃদ্ধির সুবিধা পাবেন। সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর করতে বছরে অতিরিক্ত প্রায় ৩৯০ কোটি টাকা খরচ হবে। পাশাপাশি বন দফতরের ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ডদের মাসিক ভাতাও ৫ হাজার টাকা করে বাড়ছে। এই নতুন হার কার্যকর হবে ১ অক্টোবর থেকে। বন সহায়কদের পারিশ্রমিকও ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এই বেতন বৃদ্ধির ফল স্বরূপ প্রায় ১,৫০০ জন উপকৃত হবেন।
আরও পড়ুন: ডেটা, সিনেমার টিকিট, OTT! কম খরচে অ্যানিভার্সারি অফার নিয়ে এল Jio
প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে বদলির নতুন নিয়ম
মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৬ হাজার টাকা থেকে তা বেড়ে ১০ হাজার টাকা হচ্ছে এবং এই নতুন বেতন ১ আগস্ট থেকে কার্যকর হবে। বিধায়কদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চালু সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে, যা ১ জুন থেকে কার্যকর ধরা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য নতুন আইনি ব্যবস্থা তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। সেই প্রস্তাবেও ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬’-এ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের এক দিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে, সেই অধিবেশনেই বিধানসভায় বিলটি পেশ করার প্রস্তাব রয়েছে। এরপর নিয়ম মেনে রাজ্যপালের অনুমোদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।









