মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, আর্জি শুনলেন না প্রধান বিচারপতি

Published:

Milan Pradhan

সৌভিক মুখার্জী, কলকাতা: উপনির্বাচনের আগে হাইকোর্টের তরফে অন্তর্বর্তী জামিন পেয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। পুরনো এক খুনের মামলায় জেলবন্দি ছিলেন তিনি। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন কংগ্রেস নেতা। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে পৌঁছল রাজ্য।

মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

নন্দীগ্রামে হাত শিবিরের তরফ থেকে উপনির্বাচনে মিলন প্রধানকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরদিনই পুরনো এক খুনের মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। এমনকি তাঁর বিরুদ্ধে আরও ১১টি মামলা দায়ের হয়, যার মধ্যে ৬টি মামলা প্রত্যাহার করেছে রাজ্য। তবে সেই খুনের মামলায় এতদিন জেলবন্দি ছিলেন মিলন। এদিকে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ৪ তারিখ পর্যন্ত প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। সেই সূত্রে গতকাল হাইকোর্ট শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছে মিলন প্রধানকে।

আদালতের তরফ থেকে জানানো হয়, জেলের বাইরে থেকেই নির্বাচনে লড়তে পারবেন কংগ্রেস প্রার্থী। তবে আগামী ২০ অক্টোবর পর্যন্তই এই অন্তর্বর্তী জামিন। তারপর তাঁকে ফের আত্মসমর্পণ করতে হবে। এমনকি এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ রাজ্য। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলা তালিকাভুক্ত করার আবেদন জানান।

আরও পড়ুন: ফের কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, মামলার নিষ্পত্তি হবে। কিন্তু আগামীকাল নয়, বরং সোমবার। যদিও পুনরায় তুষার মেহতা বৃহস্পতিবারের কথা বললে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, “না সোমবার”। তবে ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী জামিন মিললেও ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে পৌঁছে গেল রাজ্য। এখন দেখার, সোমবার এই মামলায় কোন সিদ্ধান্তের পথে এগোয় সর্বোচ্চ আদালত।

google button