বিক্রম ব্যানার্জী, কলকাতা: শালবনির জমি দুর্নীতি মামলায় এবার CID দপ্তর ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। এর আগে সুমিতের বেহালা তথা ক্যানেল রোডের বড়িতে হাজির হয়েছিলেন CID আধিকারিকরা। একেবারে নোটিস এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে সুমিতের বাড়িতে যান তদন্তকারীরা। আর তারপর এবার প্রথমবারের মতো CID দপ্তরে নিজে থেকেই হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের PA।
সুপ্রিম নির্দেশের পরই হাজিরা দিলেন সুমিত রায়
বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জমি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। এমনকি তলব করার ক্ষেত্রেও কিছু শর্ত বেধে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশ বা তদন্তকারীদের সব রকম সহযোগিতা করতে হবে সুমিতকে।
সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচ পাওয়ার সাথে সাথে তদন্তে সহযোগিতার নির্দেশ পেতেই শনিবার তড়িঘড়ি কলকাতায় CID-র দপ্তর ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। জানা গিয়েছে, এদিন নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ভবানীভবনে পৌঁছে যান সুমিত। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।
অবশ্যই পড়ুন: পুলিশের জালে আরেক তৃণমূলের প্রাক্তন বিধায়ক, দত্তপুকুর থেকে ধরা পড়লেন নৈহাটির সনৎ দে
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের শালবনীর সরকারি জমি জবরদখল এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছিল অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে। সেই জমি দুর্নীতি মামলাতেই এতদিন সুমিত রায়কে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। এর মাঝে বেশ কয়েকবার সুমিদের বাড়িতেও হানা দেন অফিসাররা। দেওয়া হয় নোটিসও। তবে তাতে সেভাবে কাজ না হওয়ায় তদন্তভার যায় CID আধিকারিকদের কাঁধে।










