প্রীতি পোদ্দার, কলকাতা: পুলিশের নজর এড়িয়ে কয়েক সপ্তাহ গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন নৈহাটির (Naihati) প্রাক্তন বিধায়ক সনৎ দে (Sanat Dey Arrested)। জানা গিয়েছে, আজ, শনিবার, দত্তপুকুর এলাকার একটি বাড়ি থেকে এদিন ভোরে গ্রেফতার করা হয় তাঁকে। তারপর নিয়ে আসা হয়েছে নৈহাটিতে। অভিযোগ তোলাবাজি (Extortion), অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় জড়িত তিনি, আর সেই কারণেই গ্রেফতার করা হয় তাঁকে। আজই তৃণমূলের প্রাক্তন বিধায়ককে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
গ্রেফতার সনৎ দে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের আমলে দীর্ঘ কয়েক মাস ধরেই তোলাবাজির অভিযোগ উঠে আসছিল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-র বিরুদ্ধে। এমনকি জমি দখল করে নেওয়ার অভিযোগ যেমন রয়েছে ঠিক তেমনই ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং মারধরের একাধিক অভিযোগও রয়েছে সনতের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর এবার সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিছু দিন আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় সনতের দেখা মেলেনি। অবশেষে শনিবার সকালে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
চরম শাস্তির দাবি তুললেন বিজেপি কর্মীরা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে হানা দিয়েছিল তদন্তকারীরা। সেখান থেকেই তাঁকে ধরে নৈহাটি থানায় নিয়ে আসা হয়। আজই তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এদিকে গ্রেপ্তারির পর থানার সামনে তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। এমনকি তাঁর কঠিন শাস্তির দাবিও জানানো হয়েছে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিসান মোর্চার ভাইস প্রেসিডেন্ট দেবার্ক ঘোষ জানান, ‘‘নৈহাটির বাসিন্দা হিসাবে আমাদের দাবি একটাই, ওঁর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। বিধানসভা এলাকায় ওঁকে কোমরে দড়ি বেঁধে যেন ঘোরানো হয়, ওসি-র কাছে আমরা সেই আবেদন জানিয়েছি।”
Naihati, West Bengal: Former TMC MLA from Naihati, Sanat Dey, has been arrested by Naihati police on charges of various acts of corruption pic.twitter.com/bFiBI9TuiA
— IANS (@ians_india) August 8, 2026
আরও পড়ুন: ১৪টি সরকারি পদে একসাথে চাকরির সুযোগ, অভাবনীয় সাফল্য IIT খড়গপুরের প্রাক্তনীর
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক নেতা এবং বিধায়কদের বিরুদ্ধে তোলাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে। এত দিন যাঁরা প্রাণের ভয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছিলেন, তাঁরাও অভিযোগ দায়ের করছেন। ইতিমধ্যেই তৃণমূলের কালীঘাটপন্থী একাধিক নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। আর এবার সেই তালিকায় নাম জুড়ল নৈহাটির সনতের।










