বাংলার মৎস্যজীবীদের জালে বর্ষার প্রথম ইলিশ, দাম কত?

Published:

Ilish

সহেলি মিত্র, কলকাতাঃ ভরা আষাঢ় মাসেও দরদর করে ঘামছেন বঙ্গবাসী। বৃষ্টির টিকিটুকু দেখা যাচ্ছে না। নামেই বর্ষা প্রবেশ করেছে বাংলায়, কিন্তু বৃষ্টির দেখা নেই, আকাশে নেই মেঘের লেশমাত্র। মাঝে মধ্যে বৃষ্টি টুকি দিলেও গুমোট গরম আরও বাড়ছে। তবে যাইহোক, এত খারাপ খবরের মাঝেও সকলের প্রয় ইলিশ নিয়ে প্রকাশ্যে এল দারুণ সুখবর। জানিয়ে রাখি, অবশেষে দীর্ঘ অপেক্ষার পর একদম টাটকা মরশুমের প্রথম ইলিশ (Ilish) জালে উঠল মৎস্যজীবীদের। জালে উঠল বড়, মাঝারি সাইজের ইলিশ মাছ।

মৎস্যজীবীদের জালে উঠল মরসুমের প্রথম টাটকা ইলিশ

অবশেষে বাঙালির রসনাতৃপ্তি হতে চলেছে। বর্ষার বৃষ্টি হোক না হোক, ইলিশ জালে উঠতে শুরু করল মৎস্যজীবীদের। তবে দাম কত? কত পরিমাণই বা মাছ জালে উঠেছে, এখন সেই নিয়ে উঠছে প্রশ্ন। আসলে নিষেধাজ্ঞা উঠতেই গত ১৪ জুন মাঝরাত থেকে হাজার হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি জমাতে শুরু করেছিল। দক্ষিণ ২৪ পরগনার প্রায় তিন হাজার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছে। একইসঙ্গে স্থানীয় নদ-নদীতেও ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার কাজে নেমেছেন মৎস্যজীবীরা। লক্ষ্য ইলিশ সহ ভালো মাছ। তবে জালে যে এত ভালো আর এত পরিমাণে মাছ উঠবে সেটা হয়তো কল্পনাও করতে পারেননি। অর্থাৎ এরইসঙ্গে মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথম একদম টাটকা ইলিশ উঠেছে। ফলে বেজায় খুশি সকলে।

আরও পড়ুনঃ ‘ব্যান’ শেষে সমুদ্রে পাড়ি দিঘার মৎস্যজীবীদের, টাটকা ইলিশের আশায় দিন গুণছে বাঙালি

আপনি যদি আসল ইলিশপ্রেমী হয়ে থাকেন এবং একদম টাটকা ইলিশ খেতে ইচ্ছুক হয়ে তাহলে ঢুঁ মারতে হবে সুন্দরবন এবং সংলগ্ন স্থানীয় বাজারগুলিতে। কারণ ইতিমধ্যেই সুন্দরবন সংলগ্ন বিভিন্ন স্থানীয় মাছের বাজারে ইলিশ বিক্রি শুরু হয়েছে। আসলে মুড়িগঙ্গা, হাতানিয়া-দোয়ানিয়া এবং সপ্তমুখীর মতো নদীগুলিতে প্রতিদিন জোয়ারের সময় জাল পেতে মাছ ধরেন স্থানীয় মৎস্যজীবীরা। ভাটা নামার আগেই সেই জাল তুলে নেওয়া হয়। ফলে এবারে তাঁদের পাতা জালেই ধরা পড়ছে একের পর এক ইলিশ।

কত টাকায় মিলছে টাটকা ইলিশ?

ব্যবসায়ীরা জানিয়েছেন, জালে একদম মাছের মতো মাছ উঠেছে, যেমন সাইজ তেমনই ওজন, খেয়ে সকলেই মজা পাবেন। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন কাকদ্বীপ পালবাজারের এক ব্যবসায়ী। তিনি জানান, ‘এবারের মরশুমের প্রথম ইলিশ বাজারে এসেছে। স্থানীয় নদী থেকেই মৎস্যজীবীরা মাছ ধরেছেন। মরশুমের শুরু বলে চাহিদাও বেশ ভালো। প্রতিটি মাছের ওজন ৩৫০ থেকে ৪০০ গ্রামের মধ্যে। বর্তমানে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’