সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল, অভিষেকের বাড়ির পাঁচিল টপকে সুমিত রায়কে গ্রেফতার করল CID

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোর বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। এবার তাঁর রক্ষাকবচ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। সম্প্রতি শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তৃণমূল সাংসদদের PA। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিল, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তদন্তে সহযোগিতা করেননি তিনি। আদালতের এই নির্দেশের পর সুমিতের গ্রেফতারিতে আর বাধা ছিল না। সেই মতোই, এবার তাঁকে গ্রেফতার করল CID।

গ্রেফতার সুমিত রায়

শালবনীতে জমি দুর্নীতি মামলায় নাম ওঠে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের। সেই মামলায় আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে হাইকোর্ট সেই আবেদন সরাসরি খারিজ করে দিলে তিনি দারস্থ হন সুপ্রিম কোর্টের। এই ঘটনায় দেশের শীর্ষ আদালতের কাছে দ্রুত জামিনের আবেদন জানিয়েছিলেন সুমিত রায়। বুধবার এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে।

এদিন, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা। তিনি আদালতকে একেবারে হিসেব দিয়ে জানান গত জুন মাসে অভিষেকের আপ্ত সহায়কের অ্যাকাউন্টে জমা পড়েছিল 71 লাখ টাকা। যা নিয়ে মোট 15 কোটি টাকা জমা পড়েছিল সুমিতের অ্যাকাউন্টে। এই অর্থের উৎস কী তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তদন্তকারীদের। মূলত সে কারণেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদীর প্রয়োজন রয়েছে বলেই তুলে ধরেন আইনজীবী।

আরও পড়ুন: গালওয়ানের পর ফের ভারতে শি জিনপিং, BRICS-এর ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করবেন চিনের প্রেসিডেন্ট!

এদিন সুমিতের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। রাজ্যের তরফে আদালতে এও জানানো হয়, সুমিত রায় তদন্তে ঠিকমতো সহযোগিতা করছেন না। আর সেইসব অভিযোগ খতিয়ে দেখেই শেষ পর্যন্ত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিল, সুমিত রায় তদন্তে সহযোগিতা না করায় তাঁর আবেদন বাতিল করছে সুপ্রিম কোর্ট! অর্থাৎ রক্ষাকবচ হারালেন সুমিত। কাজেই  তাঁকে গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা ছিল না তদন্তকারীদের।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সুমিত রায়কে গ্রেফতার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে হাজির হন CID ও STF এর আধিকারিকরা। সূত্রের খবর, সুমিতকে গ্রেফতার করতে তৃণমূল সংসদের বাড়ির পাঁচিল টপকান তাঁরা। আর তারপরই দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত সুমিত রায়কে পাকড়াও করে CID। এবার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।