সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল সরকারের দ্বারা তো আর হলো না! অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শরণাপন্ন সাংসদ দেব (Dev)। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে এবার অভিনেতাকে কথা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন ‘দ্রুত এই কাজ হবে’। আজ কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব। আর সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেন, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব পরে জানান যে, আগামী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অর্থ বাধ্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস
প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে দেব একাধিকবার কথা দিয়েছিলেন যে, ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটালবাসী বন্যার হাত থেকে মুক্তি পাবে। এমনকি বিগত সরকার ঘাটাল মাস্টার প্লানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল বলে দেব জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দেবের বক্তব্য, “আমি ঘাটালবাসীকে কথা দিয়েছি, এই মাস্টার প্ল্যান হবে। তার জন্যই আমি মুখ্যমন্ত্রীর বৈঠকে এসেছি। প্রথম থেকে আমি সৌজন্যের রাজনীতি করে এসেছি। আমার এলাকার কথা আমি রেখেছই।”
আজ কোলাঘাটে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেন। সেখানে বিজেপি থেকে শুরু করে তৃণমূলের সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন। যার মধ্যে ঘাটালের সংসদ দেব তথা দীপক অধিকারী এবং মেদিনীপুরের সংসদ জুন মালিয়াও ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি চান অভিনেতা দেব। মুখ্যমন্ত্রী সাংসদকে কথা দেন যে, সরকার সেই কাজ করবে। এমনকি শুভেন্দু অধিকারী নিজেই বলেন, “খুব ভালো বৈঠক হয়েছে। ঘাটালের সাংসদ আমাকে জানিয়েছে, এই লোকসভা নির্বাচনের সময় উনি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই প্রতিশ্রুতি পালন করব। আমরাই করব। উন্নয়নের স্বার্থে এখন সবাই এক হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: সোহমের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ, মামলার রিপোর্ট চাইল আদালত
এমনকি মুখ্যমন্ত্রী এও বলেন যে, “আগের সরকার বিরোধীদেরকে ডাকত না। তবে আমরা সবার সঙ্গেই কাজ করি। আমরা চাই রাজনীতি হবে নির্বাচনের সময়। সারা বছরই কাজ হবে। শাসকের আইন নয়, বরং আইনের শাসক আমাদের লক্ষ্য। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছি।” উল্লেখ্য, আজ কোলাঘাটে উন্নয়নের স্বার্থে জেলা প্রতিনিধি এবং পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করেন মুখ্যমন্ত্রী, এমন একাধিক বিষয় নিয়ে নিয়ে বৈঠক হয়েছে। আর সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ৩৫ জন বিধায়ক এবং সাংসদ।










