এবার বন্দে ভারতে করে দিঘা! মেদিনীপুরে রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: দিঘা রুটে এবার ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)! রবিবার সাংবাদিক বৈঠকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের পর্যটকদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে নয়া রাজ্য সরকার। এবার সেই স্বার্থের কথা মাথায় রেখেই ভবিষ্যতে দিঘা রুটেও চালু হতে চলেছে সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, রেলের একটি বিশেষ প্রজেক্ট সম্পন্ন হলেই দিঘাতে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছতে আর কোনও বাধা থাকবে না।

নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডবল রেললাইন!

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার দিঘায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে তিনি জানান, “নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডবল রেললাইন করতে জমি অধিগ্রহণ করতে হবে। এদিকে পূর্বতন সরকারের আমলে রেল বারবার এই কাজের জন্য আবেদন করেছিল। কিন্তু তখন সরকার জমি দেয়নি। বর্তমানে প্রতিটি উপকূলবর্তী শহর দেশের অন্য অংশের সঙ্গে জুড়ে গিয়েছে। একমাত্র তৃণমূল সরকারের নেতিবাচক মনোভাবের কারণেই দিঘা অনেকটা পিছনে পড়ে রয়েছে। তবে এবার সেই দুর্যোগ কাটবে।”

বন্দে ভারত ট্রেন এবার দিঘায়!

দিঘা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বন্দে ভারত ট্রেনটা তো দিঘা থেকেও চলা উচিত, তাই না? আর এর জন্য দরকার ডাবল রেললাইন। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন বসানোই এখন অগ্রাধিকার। নইলে বন্দে ভারত এখান থেকে চলবে কী করে?” শুভেন্দু আরও জানান, “রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং আমি জেলাশাসকের সঙ্গে দেখা করে এই বিষয়ে একটি বৈঠকও করেছি।” এদিন নন্দীগ্রাম রেল প্রকল্পের বিষয়ে বড় আপডেট দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “৭৪ একর জমি এখনও আমাদের হাতে রয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। আমরা অবশিষ্ট ছয় একরের প্রয়োজনীয়তাও খতিয়ে দেখছি”

রানাঘাট স্টেশনের উপর দিয়েও বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করবে বলে সাংবাদিক বৈঠকে বড় ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, “রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক গত মে মাসের শেষের দিকে জানিয়েছেন, রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলেই এই রুট দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন।” এখন দেখার রাজ্যের এই রেল উন্নয়ন কতটা কার্যকরী হয়।

আরও পড়ুন: দিঘায় পর্যটকদের আর দিতে হবে না চাঁদা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর থেকে শুভেন্দু সরকার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে। রবিবার, বৈঠকে পর্যটন শহর দিঘা-সহ উপকূলের পর্যটনের বিকাশ ও উন্নয়নের জন্যে একগুচ্ছ সিদ্ধান্তও গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, “আগামী ১ জুলাই থেকে পর্যটকদের চাঁদার নিয়ম তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ পর্যটকদের এখন দিঘায় গিয়ে চাঁদাবাবদ ১০ টাকা দিতে হবে না।” এছাড়াও সেখানকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার ডাক দিয়েছেন। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট পর্যন্ত উন্নয়ন পর্ষদের আওতাভুক্ত করা হবে বলে জানান তিনি।