আনিষা চৌধুরী, কলকাতা: চোরবাগান কাণ্ড থেকে শুরু করে রাজ্যের নিয়োগ দুর্নীতি, পুলিশে নতুন নিয়োগ এবং স্বচ্ছতা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে পুলিশকর্মীদের দায়িত্ব পালন, শৃঙ্খলা এবং আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের পরিকল্পনা নিয়েও বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কী কী উঠে এলো মুখ্যমন্ত্রীর বক্তব্যে?
চোরবাগান কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এত বড় রাজ্যে কোথাও কিছু হয়নি, একটু ভালো সমন্বয় থাকলে চোরবাগান ইন্সিডেন্টটাও আমরা আটকাতে পারতাম। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলব না। বেদনা আছে আমার। আমরা সিট বানিয়ে দিয়েছি, নিজেদের হাতে তদন্ত রাখিনি। রিটায়ার্ড জাজের হাতে দিয়ে দিয়েছি। তাদের তদন্তে যা রিপোর্ট আসবে সেটা আমরা কার্যকর করবো। এবং আমি অনুরোধ করব এই ধরনের বড় ভিড়ের ক্ষেত্রে এমন অনুষ্ঠানের বা উৎসবের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক, পুলিশ, অনুষ্ঠানের আয়োজক সকলের মধ্যে ভালো বোঝাপড়া যেন থাকে। যেটা চোরবাগান থেকে শিক্ষা নিয়ে কিছুটা করার চেষ্টা করব আমরা।”
এদিন পুলিশকে অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন তিনি। বিশেষ করে অবৈধ নেশার কারবার এবং মহিলাদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “আপনাদের দুটো ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে পুরো খোলা হাত পুলিশ মন্ত্রী দিয়ে রেখেছে। একটা হল নেশামুক্ত পশ্চিমবঙ্গ, একদম অবৈধ নেশা, নেশার ঠেক, নেশার সামগ্রী, নেশার দ্রব্য পাচার দেখলে যা করার করবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঢাল হিসেবে আমি আপনাদের পাশে থাকব। আর যদি কোনও বোন বা কন্যার সঙ্গে কেউ কোনও খারাপ আচরণ করে, যা মুখে আনা যায় না, তার জন্য যেটা দরকার সেটাই করবেন। আগে-পিছে ভাবার দরকার নেই। আপনাদের প্রটেকশন দেওয়ার দায়িত্ব হোম মিনিস্টারের। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম।”
নতুন নিয়োগ পাওয়া এবং নিয়োগের অপেক্ষায় থাকা পুলিশকর্মীদের উদ্দেশেও দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বার্তা দেন তিনি। সংবিধান এবং আইন মেনে কাজ করার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়ে বলেন, “নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। আপনাদের মাথার ওপর যারা আছেন তাদের কথা মেনে শৃঙ্খলা মেনে কাজ করবেন। সংবিধান থেকে শুরু করে বিচার বিভাগীয় এবং সাংবিধানিক আইন কানুন রপ্ত করে নিয়ম মেনে নিজেদের দায়িত্ব পালন করবেন। আপনারা এমন একটা পেশায় যুক্ত হচ্ছেন যেখানে কখনো ঘড়িতে টাইম দেখলে হবে না।”
আগামী দিনে নিয়োগ নিয়ে ঘোষণা শুভেন্দুর
এরপরই রাজ্যে আগামী দিনে পুলিশ নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে কয়েকটি ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “যেহেতু বিগত সরকার অনেকদিন নিয়োগ করেনি তাই আমরা কিছু ক্ষেত্রে, সবক্ষেত্রে নয় কয়েকটি ক্ষেত্রে বয়সে আমরা স্বস্তি দেব। যেহেতু অনেকদিন নিয়োগ হয়নি। ডিসেম্বর মাসে রাজ্য পুলিশে ১৩৩১ জন নতুন এসআই এবং এএসআই-কে নিয়োগপত্র বিতরণের কর্মসূচি করব ডিসেম্বর ২০২৬। আর জানুয়ারিতে পবিত্র গঙ্গাসাগর মেলার আগে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের আগে কলকাতা পুলিশে চার হাজার কনস্টেবলের হাতে আমরা বড় কর্মসূচি মিলন মেলাতে করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেব। আমরা আগামী কয়েক মাসের মধ্যে পুলিশের ক্ষেত্রে ব্যাপক সংখ্যায় নিয়োগ করব এবং শুধু পুলিশ নয় যারা ইউনিফর্মে ডিউটি করেন অর্থাৎ ফরেস্ট, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য বিভাগে নিয়োগ আমরা দ্রুত সম্পন্ন করব।”
আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বদল, তৈরি হল ১১ সদস্যের কমিটি
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত কোনও অনিয়ম বা আইনি জটিলতার সুযোগ থাকবে না বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, “আমি কথা দিতে পারি আমাদের সময়কালে যাদের নিয়োগ হবে তাদেরকে আমরা কোর্টে যাওয়ার সুযোগ দেব না। কোর্টে আপনি যেতে পারেন কিন্তু জিততে পারবেন না। কারণ নিয়োগের ক্ষেত্রে আমরা স্বচ্ছতা, মেধা এবং আমাদের রিক্রুটমেন্ট রুল ফলো করব।”










