প্রীতি পোদ্দার, কলকাতা: এবার স্বচ্ছতার নিরিখে রাজ্যের মধ্যে এগিয়ে এল হুগলি জেলার তারকেশ্বর (Tarakeswar) শহর। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হতে চলেছে জাতীয় পুরস্কার। জানা গিয়েছে দিল্লিতে বিজ্ঞান ভবনে আগামী ১১ নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এই পুরস্কার (Tarakeswar Cleanest City) রাজ্যের হাতে তুলে দেবেন। গতকাল, শনিবার আসানসোলে থাকাকালীন দিল্লি থেকে এই সুখবর জানানো হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। আর সেই তথ্যই এবার শেয়ার করলেন তিনি নিজে।
কী বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
গতকাল, শনিবার, পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁর এক্স হ্যান্ডেলে বাংলায় স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কিত একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “দীপাবলির প্রাক্কালে, নয়াদিল্লি থেকে একটি সুখবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ভারতবর্ষের ‘স্বচ্ছতা মানচিত্রে’ বাংলা ফিরে এসেছে। গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গ বার্ষিক ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এ অংশগ্রহণ করেনি। এটি একটি কঠোর পরিচ্ছন্নতা মূল্যায়ন প্রক্রিয়া, যেখানে ১৫০টিরও বেশি ‘স্বচ্ছতা মাপকাঠি’র ভিত্তিতে প্রতিটি শহরের মান যাচাই করা হয়। কিন্তু আমাদের শহরগুলিতে এই সমীক্ষাটি হতে দেওয়া হয়নি। এই অবহেলার কারণে আমাদের শহরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই বছর, আমাদের নতুন সরকার নিশ্চিত করেছে যে পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন।”
On the eve of Diwali, I am happy to share good news from New Delhi!
Bengal is back on India’s Swachhata map & what a time to return! 🪔
For 10 years, West Bengal did not participate in the annual Swachh Survekshan – a rigorous cleanliness assessment done for each city across… pic.twitter.com/KzntbfUl9A
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) November 7, 2026
বঙ্গের সেরা স্বচ্ছ শহর তারকেশ্বর
এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও দাবি করেন যে, “আমি অত্যন্ত আনন্দিত যে, গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন সংশোধনমূলক পদক্ষেপের ফলে আমাদের অধিকাংশ শহরের মূল্যায়ন করা হয়েছে এবং আমাদের ঐতিহাসিক শহর তারকেশ্বর ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’-এ জাতীয় পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কার প্রতিটি নাগরিকের, প্রতিটি সাফাইকর্মী এবং প্রতিটি পৌরকর্মীর জন্য, যাঁরা তারকেশ্বরকে পরিচ্ছন্ন রাখার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। আমরা এবার থেকে নিয়মিত মূল্যায়ন করব, যাতে বাংলার প্রতিটি শহর উন্নত হয়ে ভারতের সেরা শহরগুলোর সাথে পাল্লা দিতে পারে। অভিনন্দন, তারকেশ্বর!” তবে, এই তালিকায় দেশের আর কোন কোন শহর উঠে এসেছে বা পশ্চিমবঙ্গের স্থান ঠিক কত নম্বরে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম আছে অথচ বন্ধ আবাসের টাকা? কী করণীয় জানালেন জগন্নাথ সরকার
স্থানীয় বিধায়কের প্রশংসা অগ্নিমিত্রার
তারকেশ্বরে শ্রাবণী মেলা নিয়েও সাংবাদিকদের সঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “স্বচ্ছতা নিয়ে আমরা নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে সব জায়গাতেই উদ্যোগ নিচ্ছি। আসানসোলেও নেওয়া হয়েছে। এছাড়া তারকেশ্বরে যে শ্রাবণী মেলা হয়েছে, তা নিয়ে একটা বিরাট পরিকল্পনা মুখ্যমন্ত্রী করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন শ্রাবণী মেলায়। তার মধ্যে তারকেশ্বর শহরকে যেভাবে পরিচ্ছন্ন রাখা হয়েছিল, তা অভাবনীয়। স্থানীয় বিধায়কেরও যথেষ্ট উদ্যোগ ছিল। তাই আমরা খুব খুশি।”










