অনন্যা সরকার, কলকাতা: নভেম্বর মাস আসতেই হালকা হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করে। আর শীতকাল আসা মানেই নানা রঙের বাহারি ফুলের মরশুম শুরু হয়ে যাওয়া। গাঁদা ফুল সারা বছর অল্প-বিস্তর পাওয়া গেলেও গাঁদা গাছ (Marigold Plant) লাগানোর উপযুক্ত সময় হলো আগস্ট থেকে মার্চ মাস। এই সময়ের মধ্যে চারা রোপণ করলে মার্চ মাসের দিকে গাছে বড় ও ঘন ফুলের গুচ্ছ ফুটে ওঠে। বিশেষ করে হাইব্রিড প্রজাতির গাঁদা ফুল তাদের উজ্জ্বল রঙ এবং আকর্ষণীয় পাপড়ির গঠনের জন্য বাগানপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। বাড়িতে সহজে গাঁদা ফুলের চাষ কীভাবে করবেন, আসুন জেনে নেওয়া যায়।
গাঁদা চাষের সহজ পদ্ধতি
গাঁদা গাছ লাগানোর দুটি সহজ উপায় রয়েছে – নার্সারি থেকে চারা গাছ কিনে আনা কিংবা বীজ থেকে চারা তৈরি করা। যারা নতুন বাগান তৈরি করছেন, তাদের জন্য নার্সারি থেকে ছোট টবে থাকা গাঁদা চারা বা গাছ কিনে আনা সবচেয়ে সহজ, এতে দ্রুত ফুল পাওয়ার সম্ভাবনাও থাকে।
গাছ লাগানোর আগে মাটি ভালোভাবে আলগা করে নিতে হবে। এরপর মাটির সাথে ভালোভাবে পচে যাওয়া গোবর সার বা কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) মিশিয়ে দিলে গাছের বৃদ্ধি ভালো হয়। মাটি প্রস্তুত হয়ে গেলে গাঁদা চারা বা গাছটি রোপণ করুন এবং নিয়মিত জল দিন। তবে খেয়াল রাখতে হবে যেন টবে বা বাগানের মাটিতে জল জমে না থাকে।
আরও পড়ুন: সৈকত বাঁচাতে একাই লড়াইয়ে! মন্দারমণির ১৩ কিমি উপকূল প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ শিক্ষকের
গাঁদা ফুল সূর্যের আলোয় ভালো করে বাড়ে, তাই রৌদ্রোজ্জ্বল বারান্দা, ছাদ বা উঠোন – এই গাছগুলি রাখার জন্য আদর্শ জায়গা। পর্যাপ্ত সূর্যের আলো গাছকে সুস্থ রাখে এবং ফুলের সংখ্যা বাড়ায়। সাধারণত চারা লাগানোর ২০ থেকে ২৫ দিনের মধ্যেই গাছে ফুল ধরতে শুরু করে এবং বেশ কয়েক মাস ধরেই গাছে ফুল থাকে।
গাঁদা ফুলের চারা বা বীজ খুব একটা দামী নয়। বর্তমানে নার্সারিগুলোতে হলুদ, খয়েরি ও কমলা – বিভিন্ন রঙের গাঁদা গাছের চারা পাওয়া যায়। ছোট চারা প্রায় ১০ টাকায় এবং বড় বা পরিণত গাছ প্রায় ২৫ টাকায় বিক্রি হয়। খুব সামান্য যত্নেই দীর্ঘ সময় ধরে ফুল দেয় বলে, বাড়ির বারান্দা বা ছাদ সাজানোর জন্য গাঁদা গাছ অনেকেই পছন্দ করেন।










